চোর ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশের
বাসযোগে পালাতে থাকা গরুচোরদের ধরতে আগারগাঁও ট্রাফিক সিগন্যালে কাভার্ডভ্যান আর সিএনজিচালিত অটোরিকশা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল পুলিশ। বেপরোয়া চোরেরা অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালাতে গেলে সেটি ছিটকে গিয়ে পড়ে পুলিশের ওপর। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত ও দুজন কনস্টেবল গুরুতর আহত হন।গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীতে এ ঘটনা ঘটে। নিহত এএসআই বেলায়েত হোসেন (৪০) এবং আহত দুই কনস্টেবল মিজানুর রহমান ও ইউনুস আলী শেরেবাংলা নগর থানায় কর্মরত ছিলেন। নিহত বেলায়েতের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার হলদা গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।ঘটনার বিবরণ দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, চোরেরা মিরপুর এলাকায় গরু নামিয়ে বিক্রি অথবা জবাই করবে, গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ আগে থেকে প্রস্তুত ছিল। গতকাল ভোরে মিনিবাসে গরুসহ চোরের দল মিরপুর এলাকায় আসার পর পুলিশ তাদের ধরার চেষ্টা করে। পুলিশের ধাওয়া খেয়ে চোর দলের বাসটি মিরপুর ১০ নম্বর হয়ে রোকেয়া সরণির দিকে ছুটতে থাকে। এ খবর শেরেবাংলা নগর থানাকে জানানো হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে ওই থানার একটি টহল দল তাদের বাসটি আটকাতে পারেনি। চোরেরা আগারগাঁও সিগন্যাল হয়ে বামে মোড় নিয়ে নতুন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে ডানে মোড় নেয়। এরপর বাসটি বিজয় সরণিতে এসে আবারও ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে আবার রোকেয়া সরণিতে ঢোকে। এরই মধ্যে বেতারে (ওয়্যারলেস) খবর পেয়ে এএসআই বেলায়েত আগারগাঁও সিগন্যালে একটি কাভার্ডভ্যান ও অটোরিকশা দিয়ে রাস্তা আটকে দেন। চোর দলের বাসটি প্রতিবন্ধক হিসেবে রাখা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছিটকে পড়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশসদস্যদের ওপর। বাসটিরও একপাশ দুমড়ে-মুচড়ে যায়। সেই অবস্থায়ই বাসটি আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সামনে গিয়ে থামে এবং চোরেরা নেমে দ্রুত পালাতে থাকে। সেখান থেকে পুলিশ সেন্টু নামে একজনকে ধরে ফেলে। আর বাসের ভেতর পাওয়া যায় পাঁচটি গরু।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, অটোরিকশার চাপায় বেলায়েত হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত পুলিশের অপর দুই সদস্যকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।থানা চত্বরে রাখা মিনিবাসটিতে দেখা যায়, আসনগুলো খুলে গাদাগাদি করে ভেতরে গরুগুলো ঢোকানো হয়েছিল। বাসের ভেতর খড় আর গোবরে একাকার।ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া সেন্টু প্রথম আলোকে বলেন, শ্রীনগরের সিমখোলা এলাকা থেকে তাঁরা পাঁচটি গরু চুরি করেন। গরুগুলো মিরপুর ১০ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় তাঁরা পাঁচজন ছিলেন। অপর চারজন উজ্জ্বল, লোকমান, রবিউল ও সুমন পালিয়ে গেছেন। সেন্টু দাবি করেন, উজ্জ্বলই ওই বাসটির চালক। গরুর চালান পৌঁছে দেওয়ার জন্য তাঁরা সাত হাজার টাকায় উজ্জ্বলের সঙ্গে রফা করেছিলেন। অবশ্য পুলিশ জানিয়েছে, সেন্টুই বাসটি চালাচ্ছিলেন।