চোর পালাচ্ছে বাড়ছে না বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিসিএলের ডেমরা টেলিফোন এক্সচেঞ্জে ভূগর্ভস্থ লাইনের ২০০ মিটার তার চুরি হয় ২ মার্চ। এতে প্রায় ৩০০ টেলিফোন অচল হয়ে পড়ে। ৩ মার্চ তার চুরি-সংক্রান্ত একটি মামলা করা হয় ডেমরা থানায়। এ মামলার পরিপ্রেক্ষিতে থানা সন্দেহজনকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে চালান দেয়। পরে তারা জামিনে বের হয়েছে কি না তার খোঁজ নেননি মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল। অথচ সেই মামলার তদন্ত চলছে বলে তিনি দাবি করেন।তার চুরির পর বিটিসিএলের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করা হলেও সেগুলো অনেকটা হিমাগারেই পড়ে থাকে। মামলার পরিপ্রেক্ষিতে তার উদ্ধার কিংবা চোর ধরার ঘটনা খুবই কম বলে বিটিসিএলের কর্মকর্তারা জানান। তাঁরা জানান, ২০০৯ সালে নগরের বিভিন্ন থানায় তার চুরি-সংক্রান্ত ২৫টি সাধারণ ডায়েরি হয়েছে। এগুলো তদন্তে থানা-পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, ২০০৯ সালের ১৩ জানুয়ারি আদাবর থানার মনসুরাবাদ রোড থেকে একটি ট্রাক (ঢাকা ন-৬৫০৯) আটক করে র‌্যাব-২। সেই ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ বিটিসিএলের তার উদ্ধার করা হয়। এই তারগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সম্মেলনকেন্দ্র থেকে পরিকল্পনা কমিশনের ফটক পর্যন্ত ভূগর্ভে ছিল। তার উদ্ধারের ওই ঘটনা সম্পর্কে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী (কেব্ল-পশ্চিম, শেরেবাংলা নগর) জাকির মাহমুদ জানান, তখন তার উদ্ধার হলেও অপরাধীরা সাজা পায়নি। ওই ট্রাক কারা ভাড়া করেছিল তা নিয়ে বিস্তারিত তদন্ত করা হলে তার চুরির হোতাদের ধরা সম্ভব হতো।ভূগর্ভের তার কোথায় আছে, তা চোরের দল জানে কীভাবে? এমন প্রশ্নে বিটিসিএলের একাধিক কর্মকর্তা জানান, বিটিসিএলের ভূগর্ভস্থ লাইনে তার বসিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের অনেক কর্মীর এ লাইন সম্পর্কে বিস্তারিত ধারণা আছে। তাদের কেউ তার চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। আবার বিটিসিএলের মাঠ পর্যায়ের কোনো কর্মী তার চুরির সঙ্গে জড়িত বলে কেউ কেউ ধারণা করেন।এদিকে টেলিফোন খুঁটির তার চুরিতে বেশির ভাগ ক্ষেত্রেই মাদকসেবীরা জড়িত বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রাহকেরা জানান। এ বিষয়ে পুরান ঢাকার রোকনপুরের বাসিন্দা ফরিদুর রহমান জানান, পুরান ঢাকায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় তার চুরি হচ্ছে। এই চুরির সঙ্গে মাদকসেবীরা জড়িত। ভাঙ্গারি ব্যবসায়ীরা তাদের পৃষ্ঠপোষকতা দেন। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টেলিফোনের তার চুরি প্রতিরোধে বিটিসিএলকে যথাযথ সহায়তা করছে না বলে ইঙ্গিত দেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান। তিনি জানান, সীমাবদ্ধ জনবল দিয়ে তাঁরা যতটুকু পারছেন চুরি প্রতিরোধ করছেন। সংঘবদ্ধ চোরদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছেন। তার পরও চুরি বন্ধে তারা বিটিসিএলকে পর্যাপ্ত সহায়তা করছে না।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম জানান, থানাগুলো যাতে তার চুরিবিষয়ক জিডি ও মামলা তদন্তে জোর দেয় তার জন্য নজর দেওয়া হবে। তার চোরের চক্র ধরতে ডিএমপি থেকে অভিযান চালানো হচ্ছে না কেন, জানতে চাইলে তিনি বলেন, ডিএমপি মাদকের মতো বড় বড় বিষয়ে বিশেষ অভিযান চালাচ্ছে। তার চুরি বন্ধেও অভিযান চালানো উচিত। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে জানানো হবে।