চোর সন্দেহে পিটুনিতে মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে গতকাল সোমবার দিবাগত রাতে চোর সন্দেহে শিক্ষার্থীরা হাসিবুল আলম (২০) নামের এক তরুণকে পিটুনি দিয়েছেন। এতে তাঁর মৃত্যু হয়েছে।হলের শিক্ষার্থীদের ভাষ্যমতে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলের তৃতীয়তলার উত্তর ব্লকের বাইরের ভেন্টিলেটর ভেঙে হাসিবুল একটি কক্ষে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন। ওই কক্ষের একজন শিক্ষার্থী তাঁর উপস্থিতি টের পেয়ে কয়েকজনকে ডেকে নিয়ে বাইরে গিয়ে হাসিবুলকে পাকড়াও করেন। তাঁদের বেদম পিটুনিতে হাসিবুল গুরুতর আহত হন।হলের কর্তব্যরত পুলিশ সদস্য তাঁকে উদ্ধার করে ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সকালে তাঁর পরিচয় জানা যায়।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা জামাল হোসেন জানান, হাসিবুল আলম বিশ্ববিদ্যালয় মেহেরচণ্ডী এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে তাঁর এক ভাইয়ের মুদি দোকান রয়েছে। এ ব্যাপারে জানতে আমীর আলী হলের প্রাধ্যক্ষ মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কাজল রেখা বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।