চোরচক্রের ‘হামলায়’ ডিবি পুলিশ নিহত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার সংঘবদ্ধ চোরচক্রের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শরিফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।ওই অভিযানের তত্ত্বাবধানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান এ বিষয়ে প্রথম আলো ডটকমকে জানান, সংঘবদ্ধ চোরচক্র আজ ভোররাতে চুরির ট্রান্সফরমার নিয়ে ট্রাকে করে পালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই ট্রাকের পিছু নেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী এলাকায় ট্রাকটি থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু চালক ট্রাক নিয়ে দ্রুত ওই স্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন এবং ট্রাকের ওপরে থাকা দুর্বৃত্তরা ইট ছুড়তে থাকে। এ সময় শরিফুল দৌড়ে ট্রাকে ওঠেন। তখন চোরদলের সদস্যরা শরিফুলকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।তবে ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা দাবি করেন, গতকাল গভীর রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে পাঁচ থেকে সাতজনের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ার জামালদী গ্রামের বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে শরিফুল গুরুতর আহত হন। আমাদের গজারিয়া প্রতিনিধি আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাসেত মিয়ার বাড়ির পাশে পিস্তলের গুলির খোসা পড়ে আছে। এ ছাড়া ওই বাড়ির উঠানে রক্তের দাগ দেখা গেছে। তবে গুলিবিনিময়ের ঘটনা অস্বীকার করে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনায় এসআই শরিফুল ইসলাম আহত হন। আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাঁর নাম আবদুল মতিন শিপন (৩৫)। তাঁকে আহত অবস্থায় আটক করা হয়।ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জয়নাল আবেদিন প্রথম আলো ডটকমকে জানান, জামালদী থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ট্রাকে একটি ট্রান্সফরমার, চারটি কার্টার ও ১৮টি ভুসির বস্তা পাওয়া গেছে।