চোরাই কাঠের রমরমা বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার কাঠ রপ্তানি করে না। তবু প্রতি মাসে সেখান থেকে গড়ে ৬০ কোটি টাকার কাঠ টেকনাফ দিয়ে দেশে আসছে। কিন্তু এর অর্ধেকের বিপরীতে রাজস্ব আয় পরিশোধ দেখানো হচ্ছে। অভিযোগ রয়েছে, বাকি টাকা টেকনাফ স্থলবন্দরের কয়েকজন শুল্ক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতারা ভাগ করে নিচ্ছেন। এতে প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রাও। টেকনাফ স্থলবন্দর সূত্র জানায়, টেকনাফ ও মিয়ানমারের মংডুর মধ্যে পণ্য আমদানি-রপ্তানির জন্য ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়। এরপর থেকে গত ১৬ বছরে মিয়ানমার থেকে দুই হাজার ৯৬ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৫১৮ টাকার পণ্য আমদানি হয়। এর বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র ৫৬ কোটি ৯০ লাখ ১০ হাজার ৭৯৬ টাকার পণ্য। অর্থা ৎ বাণিজ্য ঘাটতির পরিমাণ দুই হাজার ৪০ কোটি ২৩ হাজার ৭২২ টাকা। বাণিজ্য বাড়লেও অর্জিত হচ্ছে না রাজস্ব লক্ষ্যমাত্রা। গত আগস্ট মাসে টেকনাফ স্থলবন্দরে সাত কোটি ২০ লাখ ৫৫৪ টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে মাত্র পাঁচ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ১৯৫ টাকা। অর্থা ৎ এক কোটি ২২ লাখ ৪৯ হাজার ৩৫৯ টাকা কম অর্জিত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের ব্যবসায়ীরা বলেন, প্রতি মাসে টেকনাফ স্থলবন্দরে অন্তত ২০টি জাহাজ ও ট্রলারে করে আনা হচ্ছে প্রায় ৬০ কোটি টাকার কাঠ। অধিকাংশ কাঠের মালিক মিয়ানমারের নাগরিক মো. ইসমাইল, আনোয়ার কামাল, ফয়েজ আহমদ, নূর কামাল প্রমুখ। তাঁরা চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজার, নূপুর সিনেমা হল মার্কেটসহ বিভিন্নস্থানে কার্যালয় খুলে হুন্ডি ব্যবসা পরিচালনার পাশাপাশি টেকনাফ সীমান্তের বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।৭ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দরে কাঠ নিয়ে আসা মিয়ানমারের আকিয়াব অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, মিয়ানমার সরকার বাংলাদেশে কাঠ রপ্তানি করে না। তাই তাঁরা আকিয়াব থেকে কাঠ কিনে জাহাজবোঝাই করে মংডুতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফে নিয়ে আসেন। এ কারণে কাঠের বিপরীতে বৈধ কাগজপত্রও থাকে না। টেকনাফের সিঅ্যান্ডএফ এজেন্টরাই কাঠের বিপরীতে ভুয়া কাগজ তৈরি করে শুল্ক বিভাগে জমা দেন। সমুদ্রপথে ট্রলার বা জাহাজে করে চোরাই কাঠ টেকনাফ আনার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সদস্যরাও ধাওয়া করে। নাসাকার গুলিতে এ পর্যন্ত ১০ জন ব্যবসায়ী মারাও গেছেন। কাঠের বিপরীতে ঠিকমতো শুল্ক আদায় হলে টেকনাফ স্থলবন্দরের রাজস্ব আয় প্রতি মাসে ২০ কোটি টাকা ছাড়িয়ে যেত বলে মনে করেন বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে চোরাচালান বাড়লে টেকনাফ বন্দরের রাজস্ব আয় কমে যায়। আর চোরাচালান কমলে রাজস্ব আয় বেড়ে যায়। বর্তমানে বন্দরের ৮০ শতাংশ বাণিজ্য কাঠ আর মাছের দখলে। কিন্তু এ কাঠ কীভাবে এখানে (বন্দরে) আনা হচ্ছে তা জানি না।’ মাহমুদুল দাবি করেন, কাঠ ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন।টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘ব্যবসায়ীরা চোরাইপথে বিপুল পরিমাণ কাঠ টেকনাফ আনছেন। দেশের বাজারে চাহিদা থাকায় এ কাঠ ধরা হচ্ছে না। এ কাঠের বিপরীতে সরকারও মোটা অঙ্কের রাজস্ব পাচ্ছে।’ কাগজপত্র নকল করে কাঠ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম। তিনি বলেন, টেকনাফ ও মংডুর মধ্যে বাণিজ্যচুক্তি হলেও কাঠ, মাছসহ ৯০ শতাংশ আমদানি পণ্য আসছে মিয়ানমারের আকিয়াব ও ইয়াঙ্গুন থেকে। এ কারণে কাগজপত্র নকল করা হচ্ছে। আর এসব পণ্য বিক্রির উল্লেখযোগ্য অংশের টাকা মিয়ানমারে পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে। কারণ ব্যাংকের মাধ্যমে এ টাকা আকিয়াব বা ইয়াঙ্গুনে পাঠানোর কোনো সুযোগ বা ব্যবস্থা এখানে নেই। কাস্টমস কর্মকর্তা আনোয়ার বলেন, ‘চোরাইপথে কাঠ আনা হলেও এর বিপরীতে সরকার প্রতি মাসে এক কোটি টাকার বেশি রাজস্ব পাচ্ছে। এখন কড়াকড়ি করলে কাঠ আনা বন্ধ হবে। তখন এ বন্দর অচল হয়ে পড়বে।’ কাঠের বিপরীতে বিপুল অঙ্কের টাকা ভাগবাটোয়ারার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আনোয়ার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ আগস্ট কক্সবাজার শহরের একটি হোটেলে বাংলাদেশ-মিয়ানমারের ব্যবসায়ী সমিতির তৃতীয় যৌথ সভা হয়। ওই বৈঠকে কাঠ আমদানি বৈধ করতে মিয়ানমারের কাছে প্রস্তাব করা হয়। কিন্তু তারা তাতে রাজি হয়নি।এর সত্যতা নিশ্চিত করে বৈঠকে উপস্থিত শুল্ক কর্মকর্তা আনোয়ার ও ব্যবসায়ী নেতা এহতেশামুল বলেন, ২৫ সেপ্টেম্বর মিয়ানমারের আকিয়াব শহরে দুই দেশের ব্যবসায়ীদের চতুর্থ যৌথ সভা হবে। ওই সভাতেও কাঠকে বৈধ করার পাশাপাশি সীমান্ত বাণিজ্যকে ভুয়া কাগজমুক্ত করতে টেকনাফ-মংডুর পাশাপাশি আরও দুটি নৌপথ টেকনাফ-আকিয়াব ও টেকনাফ-ইয়াঙ্গুন চালুর প্রস্তাব করা হবে। তখন আমদানি পণ্যের বিপরীতে শুল্ক বিভাগে ভুয়া কাগজ জমা দেওয়া বন্ধ হবে।