চোরাই গাড়ির ভুয়া কাগজপত্র তৈরি করেন অবৈতনিক কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি ও ছিনতাই হওয়া একটি গাড়ির জন্য ভুয়া কাগজপত্র (নিবন্ধন ও ফিটনেস সনদ) তৈরি করতে দালাল ও ‘গেটিস’ নামে পরিচিত বিআরটিএর অবৈতনিক কর্মীরা চার হাজার টাকা নেন। এ টাকা থেকে দালাল ও অবৈতনিক কর্মী এক হাজার টাকা করে নেন। বাকি টাকা পান সংশ্লিষ্ট শাখার একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী।গ্রেপ্তার হওয়া তিন অবৈতনিক কর্মী ও এক দালাল রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের মধ্যে অবৈতনিক কর্মী সান্টু গত রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ডিবি পুলিশ জানায়, জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গত ৩১ অক্টোবর গাড়ি ও মোটরসাইকেল চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের ছয়জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই করা ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়ি উদ্ধার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ের দুই অবৈতনিক কর্মী মো. সান্টু ও মো. শাকিল এবং দালাল হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। চোরাই গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত নাহিদ হোসেনকেও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারী সূত্র জানায়, গ্রেপ্তারের পর সান্টু, শাকিল, হাবিবুর ও নাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হাবিবুর জানান, চোরাই মোটরসাইকেল বা গাড়ির ক্রেতা ভুয়া ফিটনেস ও নিবন্ধন সনদ তৈরির জন্য কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএর কার্যালয় প্রাঙ্গণে এলে তাঁর মতো দালালেরা এসব কাগজ তৈরি করে দিতে ক্রেতার সঙ্গে চুক্তি করেন। চুক্তিটি হয় চার হাজার টাকার। তিনি ওই টাকা থেকে এক হাজার টাকা রেখে বাকি টাকা ‘গেটিস’ শাকিলকে দেন কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য। জিজ্ঞাসাবাদে শাকিল জানান, তিন হাজার টাকা থেকে তিনি এক হাজার টাকা রেখে ফিটনেস শাখা ও নিবন্ধন শাখায় এক হাজার টাকা করে দেন।‘গেটিস’ বা অবৈতনিক কর্মীরা বিআরটিএর কর্মকর্তাদের মৌখিক নির্দেশে কাজ করেন। তাঁদের আয়ের উৎস বকশিশ ও দালালদের কাছ থেকে পাওয়া অর্থ।ডিবির কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে শাকিল আরও বলেছেন, তিনি ২০০ টাকা করে দিয়ে ট্যাক্স টোকেন ও ব্লু বুকের খালি ফরম কেনেন ‘গেটিস’ আরিফ ও মইনের কাছ থেকে। পরে ওই ফরমে ভুয়া তথ্য বসিয়ে তিনি কর্মকর্তার নামে বানানো সিল মারেন এবং প্রয়োজনমতো কর্মকর্তার নকল সইও দেন। পরে এসব ভুয়া কাগজপত্র চোরাই গাড়ির ক্রেতাকে দেওয়া হয়। প্রতিদিন তিনি এমন চার-পাঁচটি ভুয়া সনদ তৈরি করে দালালকে দেন।ডিবি জানায়, জিজ্ঞাসাবাদে সান্টু বলেছেন, দুই বছর আগে প্রথমে তিনি বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দালালি করতেন। ছয় মাস কাগজপত্র তৈরির কাজ শেখার পর দেড় বছর ধরে তিনি ‘গেটিস’ হিসেবে কাজ করছেন। তাঁরা বিআরটিএর অফিস সহকারীদের পাশের চেয়ারে বসে কাগজপত্র তৈরি করেন। একসময় তাঁদের (গেটিস) হলুদ রঙের পোশাক দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর তা নিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ভুয়া কাগজপত্র বিক্রির টাকার ভাগ বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও নেন। ইকুরিয়া কার্যালয়ে ৬০ জন ‘গেটিস’ এবং ওই কার্যালয়কেন্দ্রিক শতাধিক দালাল রয়েছেন।তদন্তকারী সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে নাহিদ বলেছেন, তিনি কুড়িগ্রামের দুই ব্যক্তি ও বেনাপোলের দুই ব্যক্তির কাছ থেকে চোরাই মোটরসাইকেল ও গাড়ি কেনেন। পরে বিআরটিএর দালাল ও অবৈতনিক কর্মীদের মাধ্যমে ভুয়া কাগজপত্র কিনে মোটরসাইকেল ও গাড়ি বিক্রি করেন।জানতে চাইলে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, রিমান্ডে গ্রেপ্তার হওয়া চারজনের দেওয়া তথ্য এবং ১৬৪ ধারায় একজনের দেওয়া জবানবন্দির ভিত্তিতে গাড়ির ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ের কর্মীরা চিহ্নিত হয়েছেন। তাঁদের গ্রেপ্তার করা হবে। তিনি জানান, রিমান্ড শেষে ওই চারজনকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।দালাল ও অবৈতনিক কর্মীদের ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রির অভিযোগের বিষয়ে জানতে রোববার বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।