কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকায় গতকাল শনিবার স্থানীয় জনতা ও বিডিআরের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। চোরাই পথে মিয়ানমার থেকে আসা সিমেন্টভর্তি একটি জিপকে লক্ষ্য করে বিডিআর গুলি বর্ষণ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে স্থানীয় জনতা বিডিআর সদস্যদের ঘিরে ফেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিডিআর জওয়ানদের উদ্ধার করে। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় স্কুলশিক্ষার্থী, ব্যবসায়ী, বিডিআরসহ ১৮ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বালুখালী সীমান্ত চৌকির (বিওপি) বিডিআর জওয়ানেরা স্থানীয় থাইংখালী বাসস্ট্যান্ডের দিকে আসা একটি জিপকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে বাজারের লোকজন ও স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে গুলিবর্ষণকারী ছয় বিডিআর জওয়ানের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। জনতা বিডিআরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিডিআর জওয়ানদের ঘিরে ফেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে উখিয়া থানা ও থাইংখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিডিআর জওয়ানদের উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। পুলিশ প্রশাসন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।থাইংখালী বাজারে স্থানীয় জনতা জড়ো হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী বিডিআরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। স্থানীয় থাইংখালী ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, শেখ হাবিবুর রহমান ও আবদুল গফুর সাংবাদিকদের জানান, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মোহাম্মদ আলম (১৮), মোহাম্মদ ছৈয়দ (৩২), স্কুলশিক্ষার্থী সরওয়ার (১০), কামাল (৯), ফৌজিয়া (৮), ইবরাহীম (১০), ইকবাল (৯), সায়মা (৮), কামাল (১০), ব্যবসায়ী জাফর আলম (৫০), রুহুল আমিন (৩৫)সহ ১৮ জন আহত হন। তাঁদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বালুখালী সীমান্ত চৌকির (বিওপি) দায়িত্বে থাকা সুবেদার আবুল বাশার জানান, সীমান্তের ওপার থেকে চোরাই পথে আসা সিমেন্টভর্তি জিপটি থামার সংকেত দেয় বিডিআর। সংকেত অমান্য করে জিপটি পালানোর চেষ্টা করলে বিডিআর পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। ওই সংঘর্ষের ঘটনায় বিডিআরের ল্যান্স নায়েক শহিদুল ইসলাম (৪০) আহত হয়েছেন।এ ব্যাপারে কক্সবাজার ১৭ রাইফেল ব্যাটালিয়নের মেজর রাকিব জানান, জিপে তল্লাশি চালিয়ে বিডিআর ২৩ বস্তা সিমেন্ট জব্দ করেছে। পাচারকাজে নিয়োজিত জিপটিও জব্দ করা হয়েছে। জিপের চালকসহ তিনজন পালিয়ে গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।