চোরাকারবারি ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। তাঁর নাম মাসুদুল করিম (৩২)। তিনি হিলি বিওপি ক্যাম্পে কর্তব্যরত ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর ব্যবহূত রাইফেলটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা নীলফামারীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশনে আসে। ট্রেনটি আরও আধা কিলোমিটার দক্ষিণে পৌঁছালে ভারত থেকে কিছু চোরাকারবারি অবৈধ মালামাল নিয়ে ট্রেনে ওঠার জন্য দৌড়ে আসে। এ সময় এক বিজিবির সদস্য চোরাকারবারিদের প্রতিরোধ করতে গেলে রেললাইনের তারে পা জড়িয়ে পড়ে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, বিজিবি সদস্য মাসুদুল করিম দায়িত্ব পালন করছিলেন। এ সময় সীমান্তের ২৮৮ মেইন পিলারের ৪৪নং সাব সীমানা পিলারের কাছ দিয়ে ভারত থেকে কিছু চোরাকারবারি ট্রেনে অবৈধ মালামাল উঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্য মাসুদ তাদের ধাওয়া করতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বেলা একটার দিকে তিনি মারা যান।