চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে বিডিআরের গুলি, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের নূরপুর এলাকায় গতকাল রোববার সকালে চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে বিডিআরের সদস্যরা ১৯টি গুলি বর্ষণ করেন। এতে দুজন গুলিবিদ্ধ হন। এ সময় চোরাকারবারিদের ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়লে আহত হন আরও দুজন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিডিআরের সদস্যদের অবরোধ করে রাখেন। পরে র‌্যাব ও পুলিশের মধ্যস্থতায় বিডিআরের সদস্যরা মুক্ত হন। ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, কুমিল্লার বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকা দিয়ে একটি মিনি ট্রাক গতকাল ভোরে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিডিআরের সদস্যরা ওই মিনি ট্রাকটি আটক করার জন্য অবস্থান নেন। ট্রাকটি তাঁদের সামনে এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। বিডিআরের সদস্যরাও ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে ট্রাকটি বিডিআরের সদস্যদের মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করে। এতে বিডিআরের জওয়ান জুলফিকার আলী হাতে আঘাত পান। বিডিআরের অপর সদস্যরা গাড়ি নিয়ে ট্রাকটিকে তাড়া করেন। ট্রাকটি সকাল আটটার দিকে কুমিল্লা শহরের নূরপুর এলাকায় পৌঁছালে বিডিআরের সদস্যরা পেছন থেকে গুলি করেন। এতে চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে আহত হন দোকানে ঘুমিয়ে থাকা মালিক আমিনুল ইসলাম (৫৮)। দোকানের পাশের বাসার জোবায়দা বেগম (৪০) নামের এক নারীও এ সময় আহত হন। তাৎক্ষণিকভাবে বিডিআরের সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে গুলিবিদ্ধ দুই চোরাকারবারি মুরাদপুর এলাকার নান্নু মিয়া ও জাহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন। এলাকাবাসী জানান, বিডিআর চোরাকারবারিদের ধরতে কমপক্ষে ২৬টি গুলি করে। গুলির শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বিডিআরের সদস্যদের অবরোধ করে রাখেন। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহত দোকানি ও নারীর চিকিৎসার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে এলাকাবাসী ঘটনাস্থল থেকে চলে যান।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম ও নান্নু মিয়া এই হাসপাতালে ভর্তি হন। কিন্তু প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁদের পাওয়া যাচ্ছে না। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে বিডিআর থানায় মামলা করেছে। উদ্ধার করা ফেনসিডিলও জমা দিয়েছে।’ ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ফখরুদ্দিন আহমেদ বলেন, বিডিআর মোট ১৯টি গুলি বর্ষণ করে। বিডিআরের সদস্যদের কেউই অবরুদ্ধ হননি। এলাকাবাসী তাঁদের দেখতে এসেছিল। সে কারণে জট সরাতে সময় লেগেছে।