চোরাকারবারিদের পছন্দ হিলি বন্দর
তীব্র ঘনবসতি এলাকায় হিলি স্থলবন্দরের কাজ চলে। ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই পণ্যবাহী ট্রাককে প্রায় এক কিলোমিটার ঘনবসতি এলাকা অতিক্রম করে স্থলবন্দরের ইয়ার্ডে (পণ্য ওঠা-নামার স্থান) যেতে হয়। সেখানে শুল্কায়নসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলে। ঘনবসতিপূর্ণ হওয়ায় পণ্য চুরির ঘটনাও ঘটে। অনেক সময় অবৈধ পণ্য মাঝপথে চোরাকারবারিরা খালাস করে। এভাবেই হিলি স্থলবন্দর দিয়ে চলে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য।হিলি স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য আনা-নেওয়া হয়। আবার হিলিই হচ্ছে চোরাকারবারিদের স্বর্গ। বন্দর এলাকা চোরাই পণ্যে ঠাসা। দেশ ভাগের সময় দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি এলাকাটি রেললাইন দিয়ে সীমান্ত আলাদা করা হয়। ফলে সীমান্তের দুই অংশই হিলি নামে পরিচিত। তীব্র ঘনবসতি হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ভূখণ্ড আলাদা করা যায় না। এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পণ্য আমদানি ও রপ্তানির কার্যক্রম চলে। সরেজমিনে দেখা গেছে, দুই দেশের সীমান্তে কোনো ‘নো ম্যান্স ল্যান্ড’ নেই। ফলে দিনভরই লোকজনের আনাগোনা থাকে। আর ছোট একটি একতলা ভবনে অভিবাসনের (ইমিগ্রেশন) কাজ চলে। ২০০৭ সালে হিলি বন্দর পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডকে দেওয়া হয়। এই বন্দর দিয়ে ভারত থেকে গম, পেঁয়াজ, চাল, ফল, চকলেট, জুস আসে। আর বাংলাদেশ থেকে সিরামিকস, পাট ও পাটজাত, ঝুট, চিটাগুড়, তুষের তেল ভারতে যায়। নিরাপত্তাঝুঁকি: সীমান্তের জিরো লাইন থেকে স্থলবন্দরের পণ্য খালাসের স্থানটি (ইয়ার্ড) এক কিলোমিটার দূরে হওয়ায় পণ্যের নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। পথে পণ্য চুরির ঘটনা প্রায়ই ঘটে বলে আমদানিকারকেরা জানান। আবদুল আলীম নামে একজন আমদানিকারক জানান, রাস্তাটি মাত্র ১২ থেকে ১৫ ফুট চওড়া হওয়ায় প্রায়ই যানজট লেগে যায়। এমন একটি ঘনবসতি এলাকায় প্রায়ই পণ্য চুরি হয়। লোকবল ও অবকাঠামো নেই: হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করে। কিন্তু এ জন্য পর্যাপ্ত লোকবল নেই। একজন সহকারী কাস্টমস কমিশনার, দুজন সুপার, ১০ জন পরিদর্শক দিয়ে চলে শুল্কায়ন কার্যক্রম। স্থলবন্দরের মাত্র একজন ট্রাফিক পরিদর্শক রয়েছেন। লোকবল কম থাকায় একটি ভারতীয় ট্রাক বাংলাদেশ ভূখণ্ড প্রবেশ করে পণ্য খালাস করে ফিরে যেতে তিন-চার দিন সময় লাগে। স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পণ্য আসা-যাওয়া বেড়ে যাওয়ায় ইতিমধ্যে আরও ১৩ একর জমি চেয়ে নৌ-মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। আর লোকবল বাড়ানোর সুপারিশও করা হয়েছে। সহকারী কাস্টমস কমিশনার নাজিউর রহমান মিয়া প্রথম আলোকে জানান, শুল্কায়নব্যবস্থা নিশ্ছিদ্র করতে আরও লোকবল দরকার। গত কয়েক বছর ধরে পণ্য আমদানি-রপ্তানি বেড়ে যাওয়ায় এত কম লোকবল দিয়ে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। চোলাচালানের স্বর্গ: হিলির দোকানপাটে ভারতীয় চোরাই পণ্যে ঠাসা। প্রকাশ্যেই চলে এসব পণ্যের বেচাকেনা। চোরাই পণ্যের বেশির ভাগই প্রসাধনসামগ্রী। এ ছাড়া শাড়ি, ফলের রস ও চকলেট আসে। স্থানীয়রা জানান, দুই-তিন দিন পর পর প্রতি রাতে শতাধিক চোরাকারবারি পণ্য নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে। পুরো বিষয়টি চোরাচালান প্রতিরোধে দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে ঘটে।