চোরাকারবারিরা বানাচ্ছে ভেজাল সার
রাজশাহীর চারঘাটে চোরাইপথে ভারত থেকে আনা সার দিয়ে চোরাকারবারিরাই ভেজাল সার তৈরি করছে। গত এক বছরে পুলিশ অভিযান চালিয়ে চারঘাটের বিভিন্ন এলাকা থেকে এজাতীয় ২০০ বস্তারও বেশি সার উদ্ধার করেছে। এ কাজের সঙ্গে জড়িত আটক চোরাকারবারিরা স্বীকার করে, তারা ভারতীয় সারের সঙ্গে ভেজাল মিশিয়ে দেশি সারের বস্তায় ভরে বাজারজাত করছে। স্থানীয় সূত্র জানায়, একশ্রেণীর চোরাকারবারি চারঘাটের মুক্তারপুর, অচিনতলা, রাওথা ও বাঘার মীরগঞ্জ ঘাট দিয়ে ভারত থেকে সার আনে। এই চোরাকারবারিরা নিজেদের বাড়িতে গোপনে এসব সারের বস্তা ভেঙে তার সঙ্গে লবণ ও ইটের গুঁড়া মেশায়। এই মিশ্রণ তারা দেশীয় পটাশ সারের বস্তায় ভরে স্বয়ংক্রিয় মেশিনে বস্তার মুখ সেলাই করে বাজারজাত করছে। একবার বস্তার মুখ সেলাই করে বাড়ি থেকে বের করতে পারলেই তাদের আর ধরা পড়ার ভয় থাকে না। দীর্ঘদিন ধরে চারঘাটের ঝাউবোনা ভাটপাড়া গ্রামে গোপনে ভারতীয় সার দিয়ে ভেজাল সার বানানো হচ্ছে—এমন খবর পেয়ে ১৩ নভেম্বর চারঘাট থানার পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে ৫০ বস্তা ভেজাল সার ও বস্তার মুখ সেলাইয়ের যন্ত্র উদ্ধার করা হয়। একইভাবে তোতা নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২০ বস্তা ভেজাল সার এবং এনামুলের বাড়ি থেকে ২০টি খালি বস্তা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলকে এবং ২২ নভেম্বর তোতাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রামের এই তিনটি বাড়িই ভেজাল সার তৈরির কারখানা ছিল। এখান থেকে ইটের গুঁড়া ও লবণ মেশানো ভেজাল সার দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো। এই বাড়িগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সারে মেশানোর জন্য ভেজাল সব উপকরণ। এনামুলের বাড়িতে প্রস্তুত করা সার পৌঁছার আগেই তা সরিয়ে ফেলা হয়। কিন্তু তার বাড়িতে খালি বস্তা এবং অন্যান্য উপকরণও পাওয়া গেছে। ৫ অক্টোবর গভীর রাতে উপজেলার বনকিশোর গ্রামে পুলিশ এ রকম একটি ভেজাল সারকারখনায় অভিযান চালায়। কারখানার মালিকের নাম জাহাঙ্গীর আলম। পুলিশ যখন বাড়িটির ভেতরে ঢুকে তখন সারের বস্তার মুখ মারা শেষ করা হয়েছে। বাজারে নেওয়ার জন্য ৪০ বস্তা সার প্রস্তুত করা হয়েছে। পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে এবং সারের বস্তার মুখ সেলাই করা একটি যন্ত্র জব্দ করে। ওই দিন সকালে বনকিশোর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেটি তালাবদ্ধ। প্রতিবেশীরা জানান, পুলিশের অভিযানের পরপরই পরিবারের অন্য সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, বনকিশোর গ্রাম থেকে জব্দ করা সারের বস্তার গায়ে বিএডিসি ভবন ঢাকার সিল মারা ছিল। আর ভারতীয় সারের বস্তার গায়ে ইন্ডিয়ান পটাশ লিমিটেড লেখা ছিল। থানায় আটক জাহাঙ্গীর আলম এই প্রতিবেদকের কাছে সারে ভেজাল মেশানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, চোরাইপথে ভারতীয় সার এনে এর ভেতর থেকে ১০ কেজি পরিমাণ সার বের করে সাত টাকা কেজি দামের লবণ মেশাতেন। পরে বাংলাদেশি সারের বস্তায় ভরে মেশিন দিয়ে মুখ সেলাই করে নতুন বস্তার আদলে বাজারে বিক্রি করতেন। তিনি বলেন, তাঁর বাজার মূলত রাজশাহীর পবা উপজেলার নওহাট এলাকায়। এর কিছুদিন আগে তিনি উপজেলার নিমপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক ট্রাক এজাতীয় ভেজাল সারসহ চারজন আসামি এবং বরকতপুরে ছয় বস্তা সারসহ একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। মামলাগুলো বিচারাধীন। তবে আসামিরা সব জামিনে বের হয়ে এসেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বের হয়ে এসে নতুন ঠিকানায় নতুন করে আবার একই কারবার শুরু করেছে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, চোরাচালানিরাই এই কাজ করছে, এটা তাঁরা নিশ্চিত। আসামিরা জামিনে এসে আবার এ ধরনের কাজ করছে—এ ব্যাপারে তিনি বলেন, কোথায় করছে সে খবর পেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হবে।