চোরাচালান বন্ধে ইউরিয়ার দাম বাড়ানো হয়েছে: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ইউরিয়া সারের যথেচ্ছ ব্যবহার ও চোরাচালান বন্ধ করতে সারের দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া এ খাতে সরকারের ভর্তুকি কমাতেও এ দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।মতিয়া চৌধুরী বলেন, ‘দাম কম হওয়াতে কৃষিকাজ ছাড়াও বিভিন্ন কাজে ইউরিয়া ব্যবহার হয়। যেমন মুড়ি ভাজা, প্লাস্টিক কারখানা, পারটেক্স তৈরি। আবার এই সারের দাম কম হওয়াতে অন্যান্য প্রয়োজনীয় সার কৃষক ব্যবহার করে না। জমির উর্বরতা বাড়াতে নন-ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো দরকার।’কৃষিমন্ত্রী আরও বলেন, ‘পাশের দেশের চেয়ে আমাদের দেশে সারের দাম কম হওয়াতে ইউরিয়া সার চোরাচালান হয়। এটা ঠেকানো দরকার। চোরাচালান বন্ধ, অন্য সারের ব্যবহার বাড়াতে ইউরিয়া সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’সারের দাম বাড়ানো পরও এই খাতে সরকারকে তিন হাজার ৩২০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলেও জানান মন্ত্রী।মতিয়া চৌধুরী বলেন, ‘দাম না বাড়ালে চার হাজার ৭২০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।’উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করার সিদ্ধান্ত নেয় সরকার।সংসদে দুটি বিল সম্পর্কে প্রতিবেদন: জাতীয় সংসদে আজ দুটি বিল সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ বিল দুটো হলো ‘জনস্বার্থ-সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল ২০১০ এবং লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) অ্যাক্ট ২০১০।আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিল দুটো সংসদে উপস্থাপন করেন।লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) অ্যাক্ট ২০১০ বিল অনুসারে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীরা একাধিক বারের সদস্য এবং ভোটার হতে পারবেন। এ ছাড়া বার কাউন্সিলের তিনজন নির্বাচিত সদস্যকে নিয়ে এনরোলমেন্ট কমিটি গঠন করা হবে।জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল ২০১০ বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডের সংবাদ প্রদানকারীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। জনস্বার্থ-সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা কিংবা কোনো বিভাগীয় মামলা দায়ের করা যাবে না।তথ্য প্রদানকারী সরকারি চাকরিজীবী হলে তথ্য প্রকাশের কারণে তাঁকে পদাবনতি, হয়রানিমূলক বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে না। তথ্য প্রকাশকারীর পরিচয় গোপন রাখতে হবে এবং তাঁকে কোনো মামলার সাক্ষী করা যাবে না।