চোরাচালানের জন্য ট্রেন ইজারা!
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, চোরাচালান পণ্য পরিবহনের জন্য ট্রেন ‘ইজারা’ দেয় বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি)। আর এদের সহায়তা করেন রেলওয়ে, থানা ও অভিবাসন পুলিশের কিছু সদস্য। জিআরপি থানার মাধ্যমে মাসিক ৬০ হাজার টাকায় ট্রেন ‘ইজারা’ দেওয়া হয়।সম্প্রতি হিলি সীমান্তের চোরাচালান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিজিবি। একই সঙ্গে হিলি-পার্বতীপুর রেলপথে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন ‘ইজারাদার’ ও চোরাচালানির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, চোরাই পণ্য পাচারের ক্ষেত্রে রেলস্টেশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, ট্রেনের কর্মচারী, জিআরপি পুলিশসহ অন্যান্য সংস্থা নীরব ভূমিকা পালন করছে। বিনিময়ে এসব সংস্থা তাদের নিয়োগ করা লাইনম্যানদের মাধ্যমে চোরাকারবারিদের কাছ থেকে নির্দিষ্ট হারে চাঁদা তুলে নিচ্ছে।বিজিবির মহাপরিচালকের পক্ষে মেজর মাহমুদ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ প্রতিবেদন পাঠান।এ প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার চোরাচালান প্রতিরোধে নানা ব্যবস্থা নিয়েছে। এর পরও যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য চোরাচালানিদের সহায়তা করে থাকে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।চোরাচালান পরিস্থিতির কথা বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়, জয়পুরহাট-হিলি সীমান্তের শূন্যরেখা ঘেঁষে রেললাইন হওয়ায় সরাসরি ভারত থেকে চোরাই পণ্য ওই দিক দিয়ে ট্রেনে ওঠানো হয়, যার অধিকাংশ পণ্য হিলি-পার্বতীপুর পথে পাচার করা হয়। এসব এলাকা দিয়ে চোরাকারবারিরা বিভিন্ন ধরনের মালামাল পাচারের পাশাপাশি টোকাই শ্রেণীর (নারী ও শিশু) চোরাচালানিরা ভারত থেকে জিরা, এলাচ, বিস্কুট, চকলেট, শাড়ি, সালোয়ার-কামিজ, প্রসাধনদ্রব্য ও মাদক পাচার করে। এসব পণ্য হিলি রেলস্টেশনের আশপাশে ভারতের অভ্যন্তরে লুকিয়ে রেখে রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় বা চলন্ত ট্রেনে করে পাচার করা হয়।হিলি বিওপি (সীমান্ত চৌকি), হিলিসিপি (হিলি ইমিগ্রেশন চেকপোস্ট) ও বাসুদেবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা এবং ভারতের হাড়িপুকুর গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে পাঁচ-দশ গজের মধ্যে ট্রেনলাইন যাওয়ায় এসব এলাকা দিয়ে পাচার করে আনা ভারতীয় মালামাল রেল কর্মচারী, রেল পুলিশ, পুলিশের সহযোগিতায় সহজেই ট্রেনে পাচার করা হয়। এ পরিপ্রেক্ষিতে চোরাকারবারিরা পোড়াদহ, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ী এবং বিরামপুর এলাকা থেকে ট্রেনযোগে এসে আটাপাড়া, হিলি বিওপি এবং হিলিসিপির সুবিধামতো সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। চোরাচালানিরা ভারতীয় এসব পণ্য কিনে সীমান্তের কাছাকাছি অবস্থান করে। পরে বিভিন্ন সংস্থার লাইনম্যানের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশ করে এবং মালামাল ট্রেনে ওঠায়। এর বিনিময়ে রেলওয়ের লাইনম্যানরা চোরাই পণ্য অনুযায়ী তাদের কাছ থেকে চাঁদা আদায় করে।চোরাকারবারিরা বিভিন্ন এলাকা থেকে এলেও তারা হিলি এলাকার চোরাকারবারি নিয়ন্ত্রক ও দাদন ব্যবসায়ীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। টোকাই শ্রেণীর চোরাকারবারিরা নিয়ন্ত্রক ও দাদন ব্যবসায়ীদের অর্থে চোরাই পণ্য কেনে এবং তাদের কাছেই বিক্রি করে। বিনিময়ে তারা মালামাল পাচারের নিরাপত্তাসহ অল্প লভ্যাংশ পায়। এ ছাড়া হিজড়া সম্প্রদায়ের একটি চোরাচালানি দল রয়েছে, তারা নিয়মিত ট্রেনে ভারতের চোরাই পণ্য বহন করে।বিজিবির টহল সদস্যরা ট্রেনে করে নিয়ে যাওয়া এসব চোরাই পণ্য একদিক দিয়ে প্রতিরোধ করতে গেলে অন্যদিক দিয়ে পাচার হয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়।পার্বতীপুর জিআরপি থানার কাছ থেকে ট্রেন নেওয়া এবং চোরাকারবারিদের দাদন ব্যবসায়ীর দুটি চক্র রয়েছে। তাঁরা হচ্ছেন বর্তমান ‘ইজারাদার’ সুজাত আলী এবং তাঁর সহযোগী শামীম আলী ও খতিবর। এর আগে ট্রেন ‘ইজারা’ নিতেন আবদুল মান্নান এবং তাঁর সহযোগী মোশাররফ হোসেন ও পিচ্চি কালাম। প্রতিবেদনে বলা হয়, ট্রেন ইজারার বিষয়ে ইজারাদার সুজাত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো ট্রেনে চোরাই পণ্য এলে পার্বতীপুর থানা, রেলওয়ে পুলিশ, আরএসবি পুলিশ, কাস্টমস ও গোয়েন্দা পুলিশের জন্য টাকা তোলা হয়। ট্রেনের চোরাই পণ্য থেকে তাঁর লোক নেছার আলী চাঁদা তোলেন। এ বিষয়ে নেছার আলী জানান, এসব ইজারাদার ও দাদন ব্যবসায়ী আরও কিছু লোককে ট্রেন থেকে চাঁদা তোলার জন্য নিয়োগ দিয়েছেন। তিনি আরও জানান, পার্বতীপুরের দাদন ব্যবসায়ী জুয়েল ও ইব্রাহিম খলিলের কাছ থেকে পার্বতীপুর এলাকার টোকাই চোরাকারবারিরা দাদন নিয়ে চোরাচালান ব্যবসা করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুর ও সৈয়দপুরে ট্রেনে নেওয়া চোরাই পণ্যের গুদাম রয়েছে। পার্বতীপুর রেলস্টেশনের পাশে একটি গুদামের সন্ধান মিলেছে। ওই গুদামের মালিক জাহিদ মিয়া। মুঠোফোনে যোগাযোগ করা হলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফেরদৌস আলম বলেন, রেলে চোরাচালানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেকবার জানানো হয়েছে। তিনি বলেন, ট্রেনের চালককে চোরাচালানিরা অনেক সময় থামতে বাধ্য করে।পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, বর্তমানে চোরাচালান বন্ধ রয়েছে। যদি কেউ এ বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকে, তবে তা ভুল প্রতিবেদন।তবে ট্রেনে চোরাচালানিদের টাকার বিনিময়ে সহায়তা করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন সান্তাহার রেলওয়ে চৌকির নিরাপত্তা পরিদর্শক আবু হেনা।যোগাযোগ করা হলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. খাজামুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চোরাচালান দেখার দায়িত্ব বিজিবি, থানার পুলিশ ও সরকারি অন্যান্য সংস্থার। আমার দায়িত্ব যারা ভারত-বাংলাদেশে যাওয়া-আসা করছে, তাদের পাসপোর্টের ভুলত্রুটি দেখা, কেউ অবৈধ মালামাল নিয়ে যাচ্ছে কি না সেটা দেখা। ফটকের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই।’