টানা দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বাবুল সরদার (৪০)। গতকাল শনিবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার চুরি শেষে পালিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ রোডের আবাসিক এলাকায় একটি গাড়িতে (ঢাকা মেট্রো গ ১২-৭৫৮৪) করে চারজন চুরি করতে আসে। এ সময় তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিত্সক নূর মুহাম্মদের (বাসা নম্বর ২৯/এ) ছোট ভাই শোয়েবুল আলমের গাড়ির গ্লাস চুরি করার সময় গাড়ির স্বয়ংক্রিয় সাইরেন বেজে উঠলে নিরাপত্তাকর্মী আবাসিক এলাকার মূল ফটক বন্ধ করে দেন। কিন্তু পলায়নরত চোরেরা বেপরোয়া গতিতে ওই ফটক ভেঙে বাইরে বেরিয়ে আসে। এতে ফটকের সামনে থাকা নিরাপত্তাকর্মী বাবুল সরদার গাড়ির ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।ওসি আরও জানান, ওই দিন ঘটনার পরপর গাড়ি ফেলে চোরেরা পালিয়ে গেলেও মো. মুসা নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে। এখন মামলাটিকে হত্যা মামলা করার জন্য আদালতে আবেদন করা হবে।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, বাবুল সরদার ১৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। এর মধ্যে তিন বছর তিনি ওই এলাকার নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর এ মৃত্যু সত্যিই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।বাবুল সরদারের ভাগনে সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাবুল সরদার স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে নিয়ে কামরাঙ্গীরচরের এক ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম নাছির আহমেদ সরকার।