চোরের শাসন চলছে: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আজ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পরিণত হয়েছে একটি ‘ডিপ স্টেটে’, যে রাষ্ট্রে গোপন ও নেপথ্যের শক্তিগুলো মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে। এখানে প্রতিনিয়ত চলছে ‘ক্লিপটোক্রেসি’, অর্থাত্ চোরের শাসন, লুটপাটতন্ত্র। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি মনজুরুল আহসান খান এসব কথা বলেন। সমাবেশে মনজুরুল আহসান বলেন, এই সরকার হচ্ছে ‘কেলেঙ্কারিয়ান’ সরকার। শেয়ারবাজার কেলেঙ্কারি দিয়ে সরকার যাত্রা শুরু করে। এরপর পদ্মা সেতু কেলেঙ্কারি। আর এই কেলেঙ্কারির মূল হোতা হিসেবে যাঁর নাম গণমাধ্যমে এসেছে, তাঁকে সরকারের পক্ষ থেকে ‘দেশপ্রেমিক’ উপাধি দেওয়া হয়েছে। এখন চলছে সোনালী ব্যাংক কেলেঙ্কারি। সব মিলিয়ে এই সরকারকে ইতিহাস ‘কেলেঙ্কারিয়ান সরকার’ বলে মনে রাখবে।সমাবেশে প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনে নাভিশ্বাস উঠছে। কিন্তু এর বিরুদ্ধে শ্রমিকেরা কথা বললে তাঁদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে সরকার ও মালিকপক্ষ। তিনি দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, তাঁদের আজ কোনো সামাজিক নিরাপত্তা নেই। প্রতিনিয়ত তাঁরা শ্রমশোষণের শিকার হচ্ছে। সরকার কারখানার মালিকদের নানাভাবে আর্থিক সহযোগিতা দেয়, কিন্তু শ্রমিকেরা কিছু চাইলে বা রাজপথে নামলে তাতে বিভিন্ন ষড়যন্ত্র দেখে।ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ঢাকা আজ বসবাসের অযোগ্য। এখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারে না। পানি-গ্যাসের সমস্যা প্রকট। বাড়িভাড়া লাগামছাড়া। বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য সরকারের কোনো প্রচেষ্টা নেই। সব মিলিয়ে ঢাকা শহর অচল হয়ে গেছে। ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আশরাফ হোসেন, ঢাকা কমিটির কে এম রুহুল আমিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাহিদ হোসেন খান।