চোলাই মদে ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে চোলাই মদ পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ সোনাই মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।মৃত ব্যক্তিরা হলেন বালাগঞ্জ উপজেলার এওলাতৈল গ্রামের ফারুক মিয়া (৪২), শশারকান্দি গ্রামের হারুন খান (৫৫), একারাই গ্রামের জন্টু দেব (৬০), গ্রামতলা গ্রামের চিত্ত দাশ (৪০) ও কানু লাল দাশ (৫৫), ইলাশপুর গ্রামের ধীরেন্দ্র দেব (৫২), করনসী গ্রামের শাহনুর মিয়া (৪৩), ব্রাহ্মণ গ্রামের সোহরাব মিয়া (৩৮) ও জিলু মিয়া (৩৮) এবং নগরীকাপন গ্রামের গয়াস মিয়া (৪০)।অসুস্থ সাতজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন তেরহাতী গ্রামের মকবুল মিয়া ও হরিপদ, পুরকায়স্থপাড়া গ্রামের শফিক মিয়া, ইলাশপুর গ্রামের বিষু দেব, জায়ফরপুর গ্রামের আবদাল মিয়া এবং গ্রামতলা গ্রামের বীণা রানী দাস ও তাঁর ছেলে শ্রাবণ।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সাবের আহমদ প্রথম আলোকে বলেন, বিষাক্ত কিছু পান করে ওই ব্যক্তিরা মারা গেছেন এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কী ধরনের বিষ, তা বলা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, ওই ব্যক্তিরা গত বৃহস্পতিবার রাতে বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে বসে চোলাই মদ পান করেন। এঁদের কয়েকজন বাড়িতে নিয়েও মদ পান করেন। রাতে বাড়িতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় তাঁদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার বিকেলে ফারুক মিয়া ও হারুন খান মারা যান।জানা যায়, চিত্ত দাশ নিজ বাড়িতে মদ পান করেন। পরে তিনি কোমল পানীয়র একটি খালি বোতলে মদ ভরে কোমল পানীয় বলে নিজের স্ত্রীকে একটু পান করান। এতে স্ত্রী বীণা রানী দাশ অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকের দুধ পান করে অসুস্থ হয় দেড় বছরের শিশু শ্রাবণও। তাঁরা এখন হাসপাতালে চিকিত্সাধীন।গতকাল ফারুক মিয়া, সোহরাব মিয়া ও হারুন খানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এবং জন্টু দেবের দাহ সম্পন্ন হয়েছে।মৃত গয়াস মিয়ার বাবা ইয়াছিন উল্লা আহাজারি করতে করতে বলেন, ‘তার তিনটা বাইচ্চার কিতা অইব। আমি কিতা করি তারারে খাবাইমু।’ অসুস্থ মকবুল মিয়া বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমি নগরীকাপনের এক ব্যক্তির কাছ থেকে মদ কিনে অল্প একটু খেয়েছিলাম। খাওয়ার পরই বুঝতে পেরেছিলাম, মদ ভালো না। তাই বেশি খাইনি। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ি।’সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মিলু মিয়া বিশ্বাস বলেন, মদে বিষাক্ত কিছু থাকায় এ ঘটনা ঘটেতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।সিলেটের পুলিশ সুপার (এসপি) সাখাওয়াত হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় ওসমানীনগর থানার উপপরিদর্শক সুখেন্দু সরকার বাদী হয়ে বিষাক্ত কিছু খাইয়ে হত্যার অভিযোগে সোনাই মিয়া ও ইমরান মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। সোনাইকে পুলিশ রাতে গ্রেপ্তার করেছে।