চৌগাছায় স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের কমদতলা কালভার্ট মোড় এলাকায় চান মিয়া (৩৪) নামের এক স্টুডিও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।চান মিয়া ধুলিয়ানি গ্রামের শফিউদ্দীনের ছেলে। ওই বাজারে তাঁর স্টুডিও ব্যবসা রয়েছে বলে জানা গেছে।পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল রাতে ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীনের একান্ত সহযোগী মনিরুল ইসলামকে মোটরসাইকেলে করে ফতেপুরের বাড়িতে পৌঁছে দিয়ে ধুলিয়ানি বাজারে ফিরছিলেন তিনি। কদমতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে পেট, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় পেট চেপে ধরে তিনি দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এ সময় ওই বাড়ির লোকজনসহ স্থানীয় ব্যক্তিরা তাঁকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ধুলিয়ানি বাজারে চান মিয়ার দোকান ও দোকানের আশপাশে আমাদের ওঠাবসা। চান মিয়া সরাসরি আওয়ামী লীগ না করলেও দলের সমর্থক। এ জন্য মাঝে মধ্যে রাতে চান মিয়া আমার সঙ্গে থাকা মনিরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।’ ঘটনার দিন মনিরকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে চান মিয়া হামলার শিকার হন বলে জানান তিনি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বলেন, চান মিয়ার ব্যবহূত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে ১০০ গজের মতো দূরের পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিছক ছিনতাইয়ের উদ্দেশ্যে চান মিয়াকে কোপানো হয়নি। পূর্ব শত্রুতার জেরে তাঁকে খুন করা হতে পারে। এ বিষয়ে এখনো মামলা করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ধুলিয়ানি গ্রামের রাজু নামের এক যুবককে আটক করা হয়েছে।