আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের অনুপস্থিতিতে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সাংসদেরাই।আজ মঙ্গলবার রাতে বাজেট বিষয়ে আলোচনাকালে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করলে এ নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।স্পিকার আবদুল হামিদও এতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, বিশেষ জরুরি প্রয়োজনে অনেক ক্ষেত্রে দু-চার-ছয় আনা মন্ত্রী অনুপস্থিত থাকতে পারেন কিন্তু এখন দেখছি চৌদ্দ আনা মন্ত্রীই অনুপস্থিত। স্পিকার সংসদে মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকার আহ্বান জানান।রাত পৌনে আটটার দিকে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করে বলেন, ‘এখন বাজেট আলোচনা চলছে। অর্থমন্ত্রী-পরিকল্পনা মন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী সংসদে অনুপস্থিত। সংসদ সদস্যরা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিচ্ছেন। মন্ত্রিসভার সদস্যরা যদি মনে করেন, এখানে সংসদ সদস্যরা অপ্রাসঙ্গিক বক্তব্য রাখেন, তাহলে অনভিপ্রেত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় উপস্থিত থাকেন। অথচ মন্ত্রিসভার সদস্যরা থাকছেন না। এসব মন্ত্রী যদি মনে করেন, এই সংসদ তাঁদের জন্য বোঝা হয়ে আছে, তাহলে আমাদের মাফ করতে পারেন।’ এ সময় সংসদকক্ষে মাত্র আটজন মন্ত্রী উপস্থিত ছিলেন। এ আলোচনা চলাকালেই সংসদে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সংসদে বাজেট আলোচনার নোট নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে বিশেষ ব্যবস্থা করে দিয়েছিলাম। আজ তাঁদেরও দেখছি না।’ তিনি বলেন, বাজেট আলোচনায় অধিকাংশ মন্ত্রীর উপস্থিত থাকা উচিত।এ সময়ে ফ্লোর নিয়ে হুইপ আ স ম ফিরোজ বলেন, মন্ত্রীদের অনেকেই হয়তো সংসদেই আছেন। তাঁদের অফিসে অথবা লবিতে বসে তাঁরা বাজেট আলোচনা শুনছেন। তবে মন্ত্রীদের আরও সংসদে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, বাজেট অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী থাকতে পারে! অথচ সরকারের মন্ত্রীরা এ সময় সংসদে থাকছেন না। যেখানে প্রধানমন্ত্রী নিয়মিত উপস্থিত থাকেন, সেখানে মন্ত্রী থাকতে পারছেন না কেন? তাঁদের অবশ্যই সংসদে থাকতে হবে।চিফ হুইপ আবদুস শহীদ বলেন, এখানে সব মন্ত্রণালয়ের কাউন্সিল কর্মকর্তারা রয়েছেন। তাঁরা নোট নিচ্ছেন। মন্ত্রীরাও সংসদে নিয়মিত থাকছেন।এরই মধ্যে সংসদে প্রবেশ করে অর্থমন্ত্রী ফ্লোর নিয়ে বলেন, ‘আমি নিয়মিত আসার চেষ্টা করছি। প্রতিদিনই আসছি। আজ আসতে একটু দেরি হয়ে গেছে। তার পরও আমাদের অফিসাররা নিয়মিত নোট নিচ্ছেন। সেগুলো আমার দেখার সৌভাগ্য হচ্ছে। কাউকে অসম্মান করা বা কারও বক্তব্য না শোনার ইচ্ছে নেই। তাই এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’পরে এক রুলিংয়ে স্পিকার বলেন, ‘যে সংসদ সদস্য সংসদে বক্তব্য রাখছেন, তাঁরও একটি আত্মতৃপ্তির ব্যাপার রয়েছে। কিন্তু মন্ত্রীরা উপস্থিত না থাকলে সেটি খারাপ দেখা যায়। বাজেট আলোচনার সময় সব মন্ত্রী না থাকতে পারলে অন্তত ৫০ শতাংশ মন্ত্রীর উপস্থিত থাকা উচিত।’