চৌদ্দগ্রাম ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ও সিরাজগঞ্জের সলঙ্গায় আজ বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, আজ বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারসংলগ্ন চান্দশ্রী এলাকায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার শিশুসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।নিহত চার শিশু হলো স্থানীয় সাতবাড়িয়া দাতামা গ্রামের আবু তাহেরের মেয়ে মায়মুনা (৬), ভাগ্নী সাহাপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে রানু (১২) এবং অন্য দুই ভাগ্নী ফাহিমা (৭) ও ফারহানা (৫)। আর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আবু তাহেরের মা ফুলমতি বেগম (৫৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ফেনী থেকে কুমিল্লাগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই টিন ব্যবসায়ী তাহেরের বোনের বাড়ি সদর দক্ষিণ উপজেলার বেলতলী সানন্দা থেকে বেড়ানো শেষে চৌদ্দগ্রামে গ্রামের বাড়িতে ফিরছিলেন।পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন। শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ ভোর রাত চারটার দিকে সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরি এলাকায় ময়মনসিংহ থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে রাজশাহী থেকে আসা ঢাকাগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালক আবদুস সালাম (৩৫) ও জুয়েল (২৫) নিহত হন। এ সময় পিকআপ ভ্যানে অবস্থান করা তিন ব্যক্তি ও ট্রাকে অবস্থান করা দুজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।