চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নজরুল ইসলাম ওরফে মামুনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব তাঁর কাছ থেকে গোলাবারুদসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা র্যাব কার্যালয়ে মামুনকে হাজির করে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল পশ্চিম ডেকা গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় চারটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, দুটি ভারতে তৈরি কাটা রাইফেল, দেশে তৈরি ছয়টি পাইপগান, একটি দেশে তৈরি ওয়ান শুটার গান, পাঁচটি শর্টগানের কার্তুজ, জামায়াত-শিবিরের পরিচিতিমূলক ৫২টি লিফলেট ও বই উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিখিত বক্তব্যে দাবি করা হয়, ১৫ জুন চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির জন্য এ অস্ত্র মজুদ রাখা হয়। মামুনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলা আছে। তিনি আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। এর আগে তিনি চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সালাহউদ্দিন জানান, মামুনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।