চৌদ্দগ্রামে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। তাঁরা হলেন শাকিল (২৮) ও রবি (৩০)। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা হয়েছে। নিহত রবি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এবং শাকিল কুমিল্লা শহরের ধর্মপুর দীঘিরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল গতকাল দিবাগত গভীর রাতে দাতামা গ্রামের আলী হোসেন, করিম ও মহব্বত আলীর বাড়ি ঘেরাও করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় পাহারায় থাকা লোকজন ডাকাতদের ধাওয়া করে শাকিল ও রবিকে আটক করে পিটুনি দেয়। অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার পথে ওই গ্রামের মাওলানা রমজান আলীর বাড়ির দুটি ঘরে ডাকাতি করে মালামাল লুটে নেয়। অন্যদিকে গণপিটুনিতে মারাত্মক আহত শাকিল ও রবিকে ভোরে চৌদ্দগ্রাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এর পরপরই হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। সরেজমিনে গেলে ওই এলাকার বাসিন্দারা জানান, গত দেড় মাসে ওই গ্রামের ২০-২৫টি বাড়িতে ডাকাতি ও চুরির ঘটনায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে রাতে পালাক্রমে পাহারা দিয়ে আসছিলেন। এর আগে গত মঙ্গলবার রাতে খালেক, হামিদ ও মালেকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, প্রতিবছর ধান কাটা শেষে শুষ্ক মৌসুম এলেই এই অঞ্চলে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়। সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।