চৌদ্দগ্রামে ট্রাক উল্টে নিহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবাহী একটি ট্রাক উল্টে গেলে চারজনের মৃত্যু হয়। আজ সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন: জয়পুরহাটের কালাইয়ের কুসুমসাড়া এলাকার মোবারকের ছেলে নাজমুল হোসেন (৪৫), মুজিব মিয়ার ছেলে সাজ্জাদুল (৩৮), আবদুস সোবহান সাহার ছেলে সাইদুল ইসলাম সাহা (২৫) ও একই এলাকার রাজু (২৪)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে চট্টগ্রামগামী চালবাহী ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে মহাসড়কের পূর্ব পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন ট্রাকের ওপরে থাকা চার ব্যক্তি। আহত হন ১০ জন। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। নোয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাহাবুদ্দিন জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক ও চালকের সহকারী পলাতক।