বাগেরহাটে ছাত্রীর মৃত্যু, নড়িয়ায় সড়ক অবরোধ
চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ ছয়জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটের লখপুর এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক শিশুছাত্র ট্রাক্টের চাপায় নিহত হওয়ার ঘটনায় ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।দুই চালকসহ ছয়জন নিহত: ফেনী থেকে ঢাকাগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস গতকাল ভোর ছয়টার দিকে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সুজাতপুর এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক সরোয়ার, বাসের সুপারভাইজার নূর নবী, সহকারী আলম সাব্বির (২০), যাত্রী সাইফুল ইসলাম, মো. শহিদ ইরান ও ট্রাকচালক আবদুল কাদের। তাঁদের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাসচালক ও ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচালকের মৃত্যু হয়।আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে সকাল আটটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক আবদুর রহমান বলেন, বেপরোয়া গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত: ফকিরহাটের লখপুর এলাকায় গতকাল বিকেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম মুন্নী (২৩)। তিনি ঢাকার আশা ইউনিভার্সিটির ছাত্রী বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁরা সবাই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁদের মধ্যে আলেয়া, মানজিলা, রুনু, চন্দ্রা ও ছোটন নামে পাঁচ ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোটন ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাকিরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে তা সহযাত্রীরা জানাতে অস্বীকৃতি জানান।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক হামিদ আজগার প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তি পাঁচজনের মধ্যে আলেয়া ও তানজিলার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।আহত ব্যক্তিদের সহপাঠীরা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা ঢাকার লালমাটিয়া এলাকার নীপা ছাত্রীনিবাসে বসবাস করেন। ছাত্রীনিবাসের ৩৫ জন ছাত্রী বাগেরহাটের খানজাহান আলীর মাজার, ষাটগম্বুজ মসজিদসহ কয়েকটি বিখ্যাত এলাকা পরিদর্শনের বের হন। তাঁরা গতকাল সকালে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস ভাড়া করে জায়গাগুলো দেখে ফেরার পথে বিকেল চারটার দিকে লখপুরে দুর্ঘটনার শিকার হন।সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা: গতকাল সকালে নড়িয়া উপজেলার চাকধ ফ্রেন্ডস কিন্ডারগার্টেনের ছাত্র রাহিম (৭) ও তার ভাই একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাওন সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এ সময় ইটবাহী একটি ট্রাক্টর সাইকেলটিকে চাপা দেয়। এতে রাহিম ঘটনাস্থলেই নিহত হয়। শাওনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে চাকধ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘড়িসার-শরীয়তপুর সড়ক অবরোধ করে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। প্রায় আধাঘণ্টা ধরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের লাঠিপেটায় সাত শিক্ষার্থী আহত হয়। পরে নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।