চৌদ্দগ্রামে হরতালে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ সোমবার হরতালের সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ইব্রাহীম (২২)। তাঁর বাড়ি চৌদ্দগ্রামের আনন্দপুর গ্রামে। নিহত ইব্রাহীম শিবিরকর্মী বলে দাবি করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমজাদের বাজার এলাকায় আজ বেলা পৌনে ১১টার দিকে পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালায় শিবিরের পিকেটারেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুলি ছোড়ে পুলিশ। এতে সাত থেকে আটজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এখানে চিকিত্সাধীন অবস্থায় ইব্রাহীমের মৃত্যু হয়।আহত অপর দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুজন হলেন: লুদিভাঙা গ্রামের নাইমুল ইসলাম মুরাদ (২৩) ও দুর্গাপুর গ্রামের এনায়েত হোসেন (১৮)।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আমজাদের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সুজতপুর এলাকায় শিবিরকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা আমজাদের বাজার এলাকায় কর্তব্যরত কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এ খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা তাঁদের লক্ষ্য করে হামলা চালান। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাবুদ্দীন দাবি করেছেন, পুলিশের ওপর হামলার ঘটনাটি সঠিক নয়। পুলিশ একতরফাভাবে তাঁদের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের গুলিতে সাত-আটজন কর্মী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ইব্রাহীম নামে তাঁদের এক কর্মী নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, পিকেটিংয়ের সময় বিভিন্ন স্পট থেকে তাঁদের ১০-১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।