সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১০-১১ নির্বাচন ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চৌদ্দটি পদের বিপরীতে ৩৬ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবী প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সভাপতি পদে মো. মুনসুরুল হক চৌধুরী এবং সম্পাদক পদে মো. মমতাজ উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. বদরুদ্দোজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সমমনা প্যানেলের ব্যানারে সম্পাদক পদে সাইফুদ্দিন আহমেদ চৌধুরীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচন পরিচালনা উপকমিটি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করে। সমিতির নির্বাচনে সভাপতি একটি পদে দুজন, সহসভাপতি দুটি পদে ছয়জন, সম্পাদক একটি পদে তিনজন, সহ-সম্পাদক দুটি পদে ছয়জন, কোষাধ্যক্ষ একটি পদে তিনজন ও সদস্য সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেলে ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৯৭১ জন।