চৌধুরাণী-কান্দি সড়ক বেহাল
রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী বাজার থেকে কান্দি স্লুইস গেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন জায়গার কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি।উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, ২০০১ সালে সড়কটির ছয় কিলোমিটার অংশ পর্যায়ক্রমে পাকা করা হয়। কিন্তু এরপর সড়কটি আর সংস্কার না করায় এর বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি যানবাহনসহ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির এ বেহাল দশায় প্রতিনিয়ত ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে।কান্দি কাবিলাপাড়া গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলী জানান, এ সড়ক দিয়ে ভ্যান চালাতে ইচ্ছে করে না। কান্দি বাজারের ব্যবসায়ী আ. কাদের জানান, এ সড়কে ভ্যান ও ট্রাকে মালামাল পরিবহনে নানা সমস্যা হয়। রাস্তার বেহাল অবস্থায় মালামাল পরিবহন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের জন্য অনেক আবেদন-নিবেদন করেও কাজ হচ্ছে না।উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, সড়কটি সংস্কারে এ মুহূর্তে কোনো বরাদ্দ নেই, তবে বরাদ্দ পেলে অবশ্যই সংস্কার করা হবে।