চৌধুরী আলম নিখোঁজের ব্যাপারে তদন্ত চলছে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ জানিয়েছেন, ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপির নেতা চৌধুরী আলমের নিখোঁজের ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।নূর মোহাম্মদ বলেন, চৌধুরী আলম নিখোঁজ হওয়ার সঙ্গে আগামী সিটি করপোরেশন নির্বাচন এবং ব্যবসাসংক্রান্ত কোনো বিষয় সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হবে। পুরো তদন্ত শেষ হলেই সরকার বিষয়টি জানাবে।এর আগে আজ সকালে চৌধুরী আলমের নিখোঁজের ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে করা মামলাটি আমলে নিয়ে হাইকোর্ট নিখোঁজের বিষয়টি অনুসন্ধান করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের (হেবিয়াস করপাস) পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।প্রসঙ্গত, গত ২৫ জুন চৌধুরী আলম নিখোঁজ হন। এ ঘটনায় ৩০ জুন মিরপুরের শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে চৌধুরী আলমের সন্ধান না পাওয়ায় গত ৬ জুলাই তাঁর ছেলে আবু সাঈদ চৌধুরী হাইকোর্টে রিট করেন। পরে ওই আদালত থেকে তাঁর আইনজীবীরা রিটটি ফেরত নেন এবং বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়।রিট আবেদনকারীর আইনজীবী মওদুদ আহমদ বলেন, আদালত চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি অনুসন্ধান করে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, তবে কোনো সময়সীমা বেঁধে দেননি।