স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুঁজে পাওয়ার পরই তাঁর অন্তর্ধানের রহস্য জানা যাবে।গতকাল রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চৌধুরী আলমের মতো নেতাকে সরকার গুম করবে, এ কথা বিশ্বাস করা ঠিক নয়। তাঁর আকস্মিক হারিয়ে যাওয়ার রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে।’একই প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, তারা চৌধুরী আলমকে খুঁজছে। তাঁকে পাওয়া গেলেই সবকিছু জানা যাবে।’ এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, প্রায় ৩০ লাখ শ্রমিক ও তাঁদের পরিবারের রুটি-রুজির উৎস হলো তৈরি পোশাকশিল্প। তবে স্বার্থান্বেষী মহল অরাজক পরিবেশ সৃষ্টি করে বিকাশমান পোশাকশিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্প পুলিশ কাজ করবে। এ জন্য শিল্পাঞ্চলে গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানো হবে। শিল্পাঞ্চল পুলিশ বাহিনীর আওতায় মোট দুই হাজার ৯৯০ জন পুলিশ সদস্য থাকছেন। তবে প্রাথমিকভাবে এক হাজার ৫৮০ জন সদস্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছে বলে সাহারা খাতুন জানান। এই বাহিনীর যাতায়াত, সাজ-সরঞ্জামসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বক্তব্য দেন।কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ২৬ জন কর্মকর্তা অংশ নেন।