চৌধুরী আলমের পরিবারের পাশে খালেদা জিয়া
বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলমকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে চৌধুরী আলমের খিলগাঁওয়ের বাসায় গিয়ে সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান।আজ বিকেলে নিখোঁজ চৌধুরী আলমের পরিবারের সদস্যদের দেখতে খালেদা জিয়া তাঁর বাসভবনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি অন্য নেতারা।খালেদা জিয়া বলেন, সরকার চৌধুরী আলমকে গ্রেপ্তার করেছে। কাজেই চৌধুরী আলম কোথায়, কীভাবে আছে, সরকারকেই জানাতে হবে। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে আওয়ামী লীগ অনেক গুপ্তহত্যা করেছে। তারা এখন আবার গুপ্তহত্যা শুরু করেছে। সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে।রমনা থানা বিএনপির সভাপতি চৌধুরী আলম হরতালের দুই দিন আগে গত ২৫ জুন রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন। সাদা পোশাকধারী র্যাবের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন বলে তাঁর পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চৌধুরী আলমকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে আসছে।