চৌধুরী আলমের বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজের বিষয়টি অনুসন্ধানে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের (হেবিয়াস করপাস) পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ২৫ জুন চৌধুরী আলম নিখোঁজ হন। এ ঘটনায় ৩০ জুন মিরপুরের শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর চৌধুরী আলমের সন্ধান পেতে ৬ জুলাই তাঁর ছেলে আবু সাঈদ চৌধুরী হাইকোর্টে রিট করেন। তবে রুল জারি না করায় ওই আদালত থেকে তাঁর আইনজীবীরা রিটটি ফেরত নেন। পরে উক্ত আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়।আদালতে সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং চৌধুরী আলমের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন খোকন মামলা পরিচালনা করেন।মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি অনুসন্ধান করে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। তবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কিংবা ব্যবসাসংক্রান্ত কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষেই এ ব্যাপারে বলা যাবে।