চৌধুরী আলমের ব্যাপারে র্যাব অনুসন্ধান করছে: মহাপরিচালক
বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে র্যাব গ্রেপ্তার করেনি বলে জানিয়েছেন মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, চৌধুরী আলমের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। র্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে তাঁর ব্যাপারে অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার র্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। চৌধুরী আলম গুপ্ত হত্যার শিকার হয়েছেন এবং এতে র্যাবের জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক এ মন্তব্য করেন।হাসান মাহমুদ খন্দকার বলেন, পবিত্র রমজান মাসে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। রমজান উপলক্ষে বিপণি বিতানগুলোয় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টিকিট কালোবাজারিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।মহাপরিচালক বলেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতার পেছনে মালিক-শ্রমিকের বাইরেও অন্য আরেকটি পক্ষ রয়েছে। পোশাকশিল্পের যেকোনো বিষয় মালিক-শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু এর বাইরেও কেউ কেউ নাশকতা করার অপচেষ্টা করছে।মতবিনিময়কালে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান, কর্নেল জাহাঙ্গীর হোসেন, আইন ও গণসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাবের প্রতিটি ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মহাপরিচালক বলেন, পোশাকশিল্পে যে নৈরাজ্য হয়েছিল, এর অনেকটাই এখন সমাধানের পথে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন স্বাভাবিক। তিনি আরও বলেন, গত সাত মাসে মেয়েদের উত্ত্যক্ত করা, ভেজালবিরোধী অভিযান চালানো, অবৈধ অস্ত্র উদ্ধার, জাল নোটবিরোধী অভিযান পরিচালনা, ভিওআইপি, ভিডিও পাইরেসি এবং চলচ্চিত্রে অশ্লিলতা-বিরোধী র্যাবের অভিযান সফল হয়েছে। এ ধরনের অপরাধ অনেকটা কমে এসেছে।হাসান মাহমুদ বলেন, গত সাত মাসে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সারা দেশে ৯৩০টি ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে এবং চার কোটি ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সাত মাসে জঙ্গি, চরমপন্থী, অস্ত্রবাজ, চাঁদাবাজসহ ১৩ হাজার ৫০০ তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।সম্প্র্রতি ঢাকায় হরতাল চলাকালে বিএনপি নেতা মীর্জা আব্বাসের বাসায় ঢুকে বাড়ির নারী-পুরুষদের নির্বিচারে মারধরের ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক বলেন, হরতাল চলাকালে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে, তবে হরতালের দিন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী র্যাব দায়িত্ব পালন করেছে।