চৌধুরী আলমের মুক্তি অথবা আদালতে হাজির করার দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের মুক্তি অথবা আদালতে হাজির করার দাবি জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায় হলে তাঁর বিরুদ্ধে প্রথম মামলাটি হবে এই ঘটনায়।চৌধুরী আলমের সন্ধান ও মুক্তির দাবিতে আজ শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে বিএনপির নেতারা এই দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, গত ২৫ জুন নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে চৌধুরী আলমকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সাক্ষাত্ চেয়েও পাননি বিএনপির নেতারা। তাঁরা অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে সরকার জড়িত থাকার কারণেই এমনটি হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। চৌধুরী আলমকে গুম করে ফেলা তারই একটি অংশ। তাঁর উধাও হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেই জবাব দিতে হবে।সভাপতির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন বলেন, যদি চৌধুরী আলম কোনো অপরাধ করে থাকে, তাঁর জেল হতে পারে। তবে আইন মেনেই এটা করতে হবে। একজন নির্বাচিত কাউন্সিলরকে গায়েব করে দেওয়া সোজা কথা না। এই সরকারের মন্ত্রী-সাংসদদের একদিন না একদিন এই জবাব দিতে হবে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি মানুষ নিখোঁজ হয়ে যাবে, কিন্তু কেউ কোনো কথা বলবে না। সরকারও একটি কথা বলবে না। আমরা এই কোন সমাজে বাস করছি।...এই সরকার আত্মহননের পথ বেছে নিয়েছে।’বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম বলেন, ক্ষমতা থেকে গেলে চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার প্রথম মামলাটি দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।