চৌধুরী আলমের মুক্তির দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমের মুক্তি দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মন্ত্রণালয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব আবদুল হান্নান।আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় যুবদলের নেতা গোলাম মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুস সাত্তার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান মন্ত্রণালয়ে এ স্মারকলিপিটি নিয়ে যান।জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীরা আজ সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে দফায় দফায় টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তলব এসেছে—সাংবাদিকদের কাছে এমন কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সচিবালয় থেকে বেরিয়ে যান।অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কক্ষে উপস্থিত থাকলেও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেননি।স্মারকলিপিতে তাঁরা জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন অজুহাতে রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে গিয়ে তাঁদের মেরে ফেলার ঘটনা ঘটছে। গুপ্তহত্যাও সাম্প্রতিক সময়ে একটি আতঙ্কজনক ঘটনায় পরিণত হয়েছে। এ ধরনের ঘটনায় বিএনপিসহ নগরবাসী দারুণভাবে উদ্বিগ্ন। এ অবস্থায় আইন ও মানবাধিকারের স্বার্থে চৌধুরী আলমকে আটক অবস্থা থেকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা।