চৌহালীতে ১০টি পাকা ভবন, সাতটি টিনের ঘর যমুনাগর্ভে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ-সংলগ্ন ১০টি পাকা ভবন ও সাতটি টিনের ঘর যমুনা নদীতে চলে গেছে। গত সোমবার বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এ ঘটনা ঘটে।ধসে যাওয়া ভবন ও ঘরের মধ্যে রয়েছে চৌহালীর খাসকাউলিয়া ইউনিয়নের চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি দোতলা, দুটি একতলা পাকা ভবন ও তিনটি টিনের ঘর; খাসকাউলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা ভবন ও চারটি টিনের ঘর; টেলিফোন অফিসের দুটি পাকা ভবন সম্পূর্ণ ও একটি ভবনের অর্ধেক; উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক দুটি পাকা ভবন এবং ডাকঘর ভবনের অর্ধেক অংশ। এ ছাড়া প্রায় ৩০ বছর আগের ২৫টি মেহগনি ও কড়ইগাছ নদীগর্ভে চলে গেছে।চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, ‘এভাবে দেবে যাওয়ার ঘটনা চৌহালীতে এই প্রথম। নদী থেকে এসব স্থানের দূরত্ব অনেক বেশি ছিল। ভাঙনের ঘটনা না ঘটে আকস্মিকভাবে দেবে যায়।’ তিনি জানান, উপজেলা পরিষদ চত্বর নদীভাঙনের হুমকির মুখে থাকায় বিষয়টি জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।এসব প্রতিষ্ঠানের কোনো আসবাব বের করা সম্ভব হয়নি। বর্তমানে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চৌহালী দপ্তর ভবন ভাঙনের হুমকির মুখে রয়েছে। উপজেলা পরিষদ থেকে যমুনা নদী এখন মাত্র ১০০ ফুট দূরে অবস্থান করছে। এলাকাবাসীর অভিযোগ, এভাবে ধসে গেলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থাই নিচ্ছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল চারটার দিকে যমুনা নদীতীরবর্তী উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় প্রথমে পানির ভেতর থেকে বুদ্বুদ বের হয়। এর কিছুক্ষণ পর ২০ থেকে ৩০ ফুট এলাকা নিয়ে দেবে যেতে থাকে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ৪০০ বর্গফুট এলাকার আটটি পাকা ভবনের সম্পূর্ণ, দুটি ভবনের আংশিক এবং সাতটি টিনের ঘর ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়।চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক জুয়েল সরকার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির পেছনের মাটির অংশে প্রথমে ধস নামে। এর সাত মিনিটের মাথায় পুরো বিদ্যালয়টি একেবারে দেবে যায়। এ সময় বিদ্যালয়টির অবকাঠামো ভেঙে চারপাশ ধূলিময় হয়ে পড়ে। ধুলা পরিষ্কার হলে দেখা যায় যে পুরো বিদ্যালয়টি পানিতে তলিয়ে গেছে।’প্রত্যক্ষদর্শী স্থানীয় স্কুলশিক্ষক নিজাম উদ্দীন বলেন, ‘এমন দৃশ্য এ দেশে দেখি নাই। আমেরিকার টুইন টাওয়ারের মতো দোতলা স্কুলের বিল্ডিংটি নদীগর্ভে দেবে গেল। সেই সঙ্গে আরও কিছু পাকা ভবনসহ টিনের ঘরবাড়ি। এই দৃশ্য দেখা ছাড়া কারো কিছুই করার ছিল না।’চৌহালী উপজেলার দেখভাল করা পাউবো টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী জিয়াদুল হাসান জানান, যমুনা নদীতে পানির প্রচণ্ড স্রোতের কারণে নিচ থেকে বালুমাটি সরে যাওয়ায় দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এই বালুমাটি সরে যাওয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘এর আগে এসব স্থানে বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বালুর বস্তা ফেলা বন্ধ রয়েছে। ভাঙন ঠেকাতে বর্তমানে আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই।’জিয়াদুল জানান, চৌহালী উপজেলা পরিষদ চত্বরের দুই দিক নদীভাঙনের কারণে বর্তমানে চত্বরটি প্রায় নদীর মধ্যাংশে অবস্থান করছে। ভাঙন রোধে পাঁচটি গ্রুপে প্রায় ২০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। শুকনো মৌসুমে কাজ শুরু হবে।