চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যু চিন্তাচ্যানেল আইতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যু চিন্তা। লিখেছেন হুমায়ূন আহমেদ। পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, প্রাণ রায়, মাসুদ আখন্দ, জুয়েল রানা, আমব্রিন, মনির প্রমুখ। চৌধুরী খালেকুজ্জামান মৃত্যু নিয়ে খুব চিন্তিত। তিনি মনে করছেন, ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হবে তাঁর। কিন্তু তাঁর বাড়ির কাছে যে ট্রেন স্টেশনটি আছে, সেখানে কোনো ভালো ট্রেন থামে না। তা ছাড়া তিনি তো যেকোনো ট্রেনের নিচে পড়ে মরতে পারেন না। অবশেষে তাঁর পছন্দ হলো ‘১১ সিন্ধুক ট্রেন’। সেটির স্টেশন আবার অন্য জায়গায়। তাঁর মৃত্যুর জন্য আনুষ্ঠানিকতা শুরু হলো। ‘১১ সিন্ধুক ট্রেন’ তাঁর বাড়ির কাছের স্টেশনে থামার জন্য প্রচারণা শুরু হলো। জনমত সংগঠিত হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আসেন স্থানীয় প্রশাসন এবং যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।মনের গহীনেচ্যানেল আইতে মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মনের গহীনে। লিখেছেন রশীদ নিউটন। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন নাফিজা, অপূর্ব, ডি এ তায়েব প্রমুখ।শুভ্র গ্রাম থেকে বিয়ে করে আনে অহনাকে। কিন্তু বাসরঘর থেকেই শুভ্রর সঙ্গে অস্বাভাবিক আচরণ করে অহনা। সব সময় তাকে এড়িয়ে চলে। শুভ্র সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেয়। এদিকে তাদের দুজনের সব পছন্দই এক। এই সূত্র থেকে স্বামীর প্রতি অহনার মনে ভালোবাসা তৈরি হয়। কিন্তু পত্রিকার একটি বিজ্ঞাপন অহনাকে চিন্তায় ফেলে—মৃত্যুপথযাত্রী সৌরভের কিডনি প্রয়োজন। সৌরভকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এই দম্পতি। কে এই সৌরভ? মিস্টার অ্যান্ড মিসেস সরকারচ্যানেল আইতে মঙ্গলবার প্রচারিত হবে নাটক মিস্টার অ্যান্ড মিসেস সরকার। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, সুমাইয়া শিমু, অপূর্ব, মাহমুদুল ইসলাম, রওনক আলম, রীনা রহমান প্রমুখ। অপু আর শিমুর সংসার ভালো যাচ্ছে না। কারণ অপু বেকার। কিন্তু শিমু চাকরিজীবী। অপুকে চাকরি জোগাড় করার জন্য এক মাসের সময় দেন শিমু। অন্যথায় তিনি সংসারের ইতি টানবেন। অপু তাঁর বন্ধুদের সঙ্গে বাজি ধরে একটা কাজ করেন। কাজটা এতটাই অসামাজিক যে শিমুকে খুব লজ্জায় পড়তে হয়। তৈরি হয় নতুন ঝামেলা। শেষ পর্যন্ত অপু আর শিমুর সংসারে কী ঘটবে? কৃষকের ঈদ আনন্দচ্যানেল আইতে বুধবার বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে গেম শো কৃষকের ঈদ আনন্দ। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সিডর বিধ্বস্ত জনপদ মাঝের চরে এবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাঝের চরের জালিয়াঘাটা ফকিরহাট এসইএসডিপি মাঠ মুখরিত হয় হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে। আয়োজন করা হয় তৈলাক্ত কলাগাছে ওঠা, বালিশ লড়াই, বিপরীতমুখী দৌড়, বাঁশের ওপর হাঁটা, ইলিশ ভাজা, চকলেট দৌড়, সুপারিগাছ বেয়ে ওঠা এবং শিশুদের জন্য সুপারির খোল দৌড়। এসব প্রতিযোগিতায় অংশ নেন ওই এলাকার কৃষক, কৃষাণী ও তাঁদের পরিবারের সন্তানেরা। লাইট হাউজচ্যানেল আইতে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক লাইট হাউজ। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন জাহিদ হাসান, মীমসহ আরও অনেকে।পরপর তিনবার পরাজিত আজমল আবারও আসন্ন মেম্বার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু স্ত্রী আজমলকে বাধা দেয়। কারণ আজমল এবারও যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে সে প্রায় নিঃস্ব হয়ে যাবে। স্ত্রীর প্রবল বাধার মুখে আজমল তাঁর স্কুলশিক্ষক আয়নালের পরামর্শ নেন। আয়নালও তাঁকে নিষেধ করেন। আজমল সারা জীবন শিক্ষকের সব পরামর্শ মেনে নিলেও এবার অবাধ্য হন। সম্পূর্ণ নিঃস্ব হওয়ার ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। আধাআধিচ্যানেল আইতে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক আধাআধি। লিখেছেন কামরুল আহসান। পরিচালনা করেছেন শামীমা আক্তার। অভিনয় করেছেন অপর্ণা, অপূর্ব, হুমায়ুন ফরীদি প্রমুখ। জ্যোতিষীর কাছে হাত দেখাতে বসে চমকে ওঠেন জামিল—তিনি নাকি একদিন কোটি কোটি টাকার মালিক হবেন! জামিল তা হেসে উড়িয়ে দেন। জ্যোতিষী তাঁকে শর্ত দেন, তিনি এখন থেকে জামিলের সঙ্গেই থাকবেন। আর যা আয় হবে, তা আধাআধি করে ভাগ করে নেবেন। জামিল রাজি হন। এক রাতে আফরিন নামের একটি মেয়েকে রাস্তায় আক্রমণ করে সন্ত্রাসীরা। জামিল তাঁকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন। জ্যোতিষীও আহত হন। জামিল ও জ্যোতিষীকে হাসপাতালে আনা হয়। সুস্থ হওয়ার পর জামিল জানতে পারেন আফরিনের বাবা-মা কেউ নেই, তিনি কোটি কোটি টাকার মালিক! বিক্রয়ের জন্য নহেচ্যানেল আইতে মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে ভিডিও ছবি বিক্রয়ের জন্য নহে। মুসাফির সৈয়দের গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। অভিনয় করেছেন গোলাম সারোয়ার, মুসাফির সৈয়দ, মিঠুসহ আরও অনেকে। একজন অভিনেতা ভিডিও ছবিটিতে ঠিকঠাক অভিনয় করেছিলেন। পরিচালক তাঁকে খুব সাধারণ একটি কাজ করতে বললেন। কিন্তু তাতে রাজি হননি অভিনেতা। কারণ তিনি নিজেকে বিক্রি করতে চান না। ওটা কী কাজ ছিল? অভিনেতা কেন তাতে রাজি হলেন না?কাকতালীয়চ্যানেল আইতে বুধবার রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক কাকতালীয়। লিখেছেন গোলাম রাব্বানী। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কুসুম সিকদার প্রমুখ। দৈনিক পত্রিকার একজন কম্পিউটার অপারেটরকে প্রতিদিন নানা গল্প, কবিতা আর উপন্যাস কম্পোজ করতে হয়। খিচ্চু হায়াতের লেখা ‘ভগবানের চোখ’ নামে একটি গল্প কম্পোজ করতে গিয়ে শরীর থেকে ঘাম ঝরতে থাকে এই কম্পোজারের। লেখক গল্পে যে বাসার বর্ণনা দিয়েছেন, সেটা যে তারই বাসা! আর গল্পের নায়িকা তার স্ত্রী! নামও মিলে গেছে। এটা কীভাবে সম্ভব? তাহলে ঘটনাটা সত্যি? ঝগড়া বাড়িচ্যানেল আইতে মঙ্গলবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক ঝগড়া বাড়ি। অনুলেখা চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন নজরুল ইসলাম। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সারিকা, অপূর্ব, মিলন প্রমুখ।ভালোবেসে বিয়ে করেছিল পার্থ আর ইতি। সংসার জীবনে সুখী হলেও টুকটাক ঝগড়া লেগেই থাকে। এটাই তাদের আনন্দ। একদিন বাজার থেকে বড় মাছ নিয়ে আসে অনন্ত। কিন্তু দুজনের সংসারে এত বড় মাছ কে খাবে? নিমন্ত্রণ করা হয় পার্থকে। ওই থেকে পার্থের সঙ্গে ইতির বন্ধুত্ব। একদিন অফিস থেকে বাসায় ফিরে বাসায় পার্থকে দেখতে পায় অনন্ত। তার মনে সন্দেহ বাসা বাঁধে। আনন্দের ঝগড়া পরিণত হয় বিষাদে।অঙ্গনে অন্তকচ্যানেল আইতে বুধবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক অঙ্গনে অন্তক। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, তৌকীর আহমেদ, আবুল হায়াত, স্বচ্ছ প্রমুখ। কখনো চোখের আড়াল করতে পারবে না বলে মৃত্যুর পর মাকে কবর দিয়েছিলেন বনানী কবরস্থানে। আর এই টাকা আরহাম সংগ্রহ করেছিলেন গ্রামের জমি বিক্রি করে। এদিকে আরহামের পায়ে ক্যানসার ধরা পড়ে। বিদেশে নিতে হবে। ওদিকে তাঁর অফিসের একজন পরিচালকের স্ত্রী মারা গেছেন। তাঁকে বনানী কবরস্থানে দাফন করতে চান। এবার আরহামের মায়ের কবরের ওই জায়গাটুকু চেয়ে বসেন ওই পরিচালক। বিনিময়ে দেবেন অনেক টাকা। যা দিয়ে আরহামের চিকিৎসা হবে। আরহাম এখন কী করবেন?ভালোবাসা এই পথে গেছেচ্যানেল আইতে বুধবার বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভালোবাসা এই পথে গেছে। লিখেছেন প্রসূন রহমান। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকে।দাম্পত্য নাকি এক ধরনের শিল্প। সুখী দাম্পত্যের গল্প বোধহয় বিমূর্ত শিল্পের মতোই রহস্যের টোপে ঘেরা—একজন আরেকজনের সঙ্গে অভিনয় করে যায় ক্রমাগত। একজন আরেকজনের কাছে হয়ে ওঠে সহশিল্পী। এই অভিনয় কখনো ভালোবাসার, কখনো দায়িত্বের, কখনো অভিমানের বা কখনো অবসাদের। এই অভিনয়ে যখন একজন ক্লান্ত হয়ে পড়ে, তখনই ভালোবাসার অন্যরূপ ভাসমান হয়ে ওঠে। আসে অভিযোগ, আসে অবহেলা, আসে মান-অপমানের অনাকাঙ্ক্ষিত কথামালা। সম্পর্কের সেতু দুর্বল হয়ে পড়ে ক্রমাগত। কেউ এক প্রান্ত আগলে রাখতে চায়, কেউ সম্মানের কথা ভেবে ধরে রাখতে চায় বিয়ে নামের সামাজিক প্রতিষ্ঠান।