চ্যানেল আই অ্যাওয়ার্ড এবার কুয়ালালামপুরে
বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আগামী ১৫ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’। মোট ১৬টি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। পাশাপাশি থাকবে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর পরিবেশনা। কুয়ালালামপুরের বিখ্যাত মারদেকা স্টেডিয়ামে বসবে এই বর্ণাঢ্য আসর। শতাধিক জনপ্রিয় শিল্পী, কলাকুশলী এ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় যাবেন।‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’ উপলক্ষে আজ রোববার দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার।ফরিদুর রেজা সাগর বলেন, এই অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় একটি প্রতিনিধিদল ভেন্যু পরিদর্শন করেছে। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের প্রায় সব সেরা তারকারই অংশগ্রহণ থাকবে এই অনুষ্ঠানে।শাইখ সিরাজ বলেন, ‘এ নিয়ে সপ্তমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড। এবার মালয়েশিয়ায় আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাই।’দিলীপ কুমার বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাঙালিদের বিনোদনের উদ্দেশ্যেই এমন একটি অনুষ্ঠান করতে যাচ্ছে। এ ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত ও আনন্দিত।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, মমতাজ, আইয়ুব বাচ্চু, জেমস, রিজিয়া পারভীন, চিত্রনায়ক ফারুক প্রমুখ।‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড ২০১১’-এর পুরস্কারের মনোনীত বিভাগগুলো হচ্ছে শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র), শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র), আলোচিত শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র), শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র), আলোচিত শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র), শ্রেষ্ঠ প্লে-ব্যাক (পুরুষ), শ্রেষ্ঠ প্লে-ব্যাক (নারী), শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন নাটক), বছরের আলোচিত শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন নাটক), শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন নাটক), বছরের আলোচিত শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন নাটক), শ্রেষ্ঠ পরিচালক (টেলিভিশন নাটক), প্রবাসী দর্শক জরিপে শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ মডেল (পুরুষ), শ্রেষ্ঠ মডেল (নারী)। এ ছাড়া অনুষ্ঠানে দুটি বিশেষ সম্মাননা দেওয়া হবে।‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড ২০১১’-এর সহযোগী হিসেবে থাকছে মাত্রা, মুকিমস ক্রিয়েশন ও আই ক্রিয়েশন।