চ্যানেল ওয়ান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে
কারিগরি অনিয়মের অভিযোগে সরকার বন্ধ করে দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।বিটিআরসির এ সিদ্ধান্তের সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকানা বিবেচনা বা কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।বন্ধ হয়ে যাওয়ার পর চ্যানেল ওয়ানের পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক অধ্যাপক মাজিদুল ইসলাম তাত্ক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি অন্যায়। আমরা আইনের আশ্রয় নেব।’বিষয়টি নিয়ে দিনভর গুজব ও আতঙ্কের পর সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে তরঙ্গ বাতিল এবং আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি (এসএনজি/ফ্লাইওয়ে) ব্যবহারের অনুমতি বাতিলের চিঠি নিয়ে উপস্থিত হন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তিন সদস্য। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং পরিচালক এস এম শহীদুজ্জামানের নেতৃত্বে তরঙ্গ ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল শহীদুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক সোহেল রানা। এর আধা ঘণ্টা পরই বন্ধ করে দেওয়া হয় চ্যানেলটির সম্প্রচার। তখন সন্ধ্যার খবর সম্প্রচার চলছিল।এস এম শহীদুজ্জামান বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চ্যানেল ওয়ানের তরঙ্গ বরাদ্দ ও আর্থ স্টেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, তরঙ্গ বরাদ্দের শর্ত ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে কয়েকবার নোটিশ পাঠানো হলেও চ্যানেল কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৫৫(৪) ধারা ভঙ্গের কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বেসরকারি টেলিভিশনগুলোর জন্য লাইসেন্স বরাদ্দ করা হয়। তবে অনুষ্ঠান সম্প্রচারের জন্য তরঙ্গ বরাদ্দ ও উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি নিতে হয় বিটিআরসির কাছ থেকে।আজ দুপুরে সচিবালয়ের সভা শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, সম্প্রচার যন্ত্রপাতির মালিকানা বদলের অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।