হাইকোর্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আজ রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজাদেশ দেন।গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ, আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি বাতিল করেন। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২ মে চ্যানেল ওয়ান পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক মাজিদুল ইসলাম বাদী হয়ে রিট আবেদনটি করেছিলেন।আদালতের আদেশ প্রসঙ্গে চ্যানেল ওয়ানের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, অনাপত্তিপত্রে যন্ত্রপাতি হস্তান্তর না করার যে শর্ত ছিল তা এখনো বলবত্ রয়েছে। কারণ, লাইসেন্সের শর্তের সঙ্গে অনাপত্তিপত্র যুক্ত হয়ে গেছে। এ ছাড়া বিটিআরসির দেওয়া তরঙ্গ বরাদ্দ বাতিলের জন্য কারণ দর্শানোর নোটিশ যথার্থ, এসব যুক্তি তুলে ধরে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।আপিল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।