চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ
তরঙ্গ ব্যবহারের শর্ত ভঙ্গ করার অভিযোগে সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ানের পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক মাজিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি অন্যায়। আমরা আইনের আশ্রয় নেব।’ মাজিদুল ইসলাম খুলনা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, সম্প্রচার যন্ত্রপাতির মালিকানা বদল করায় চ্যানেলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সংস্রব আছে কি না, জানতে চাইলে টেলিযোগাযোগমন্ত্রী প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্তের সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকানা বিবেচনা বা কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই। মালিকানা বিবেচনা করলে আরও অনেক চ্যানেল বন্ধ হয়ে যেত। গতকাল সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে তরঙ্গ বাতিল এবং আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি (এসএনজি/ফ্লাইওয়ে) ব্যবহারের অনুমতি বাতিলের চিঠি নিয়ে গুলশানের উদয় টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তিন সদস্য। এর আধাঘণ্টা পরই বন্ধ করে দেওয়া হয় চ্যানেলটির সম্প্রচার। তখন সন্ধ্যার খবর সম্প্রচার চলছিল। পরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) এস এম শহীদুজ্জামান বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চ্যানেল ওয়ানের তরঙ্গ বরাদ্দ ও আর্থ স্টেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তরঙ্গ বরাদ্দের শর্ত ভঙ্গ করায় কয়েকবার নোটিশ পাঠানো হলেও চ্যানেল কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। টেলিযোগাযোগ আইন, ২০০১-এর ৫৫ (৪) ধারা ভঙ্গের কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা) শহীদুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক সোহেল রানা। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বেসরকারি টেলিভিশনগুলোর জন্য লাইসেন্স বরাদ্দ করা হয়। তবে অনুষ্ঠান সম্প্রচারের জন্য তরঙ্গ বরাদ্দ ও উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি নিতে হয় বিটিআরসির কাছ থেকে। এর আগে গতকাল দুপুরে সচিবালয়ের এক সভা শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, সরকার চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রচার যন্ত্রপাতির মালিকানা বদলের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী আরও বলেন, টেলিযোগাযোগ আইনে সম্প্রচারে ব্যবহূত (ব্রডকাস্টিং) যন্ত্রপাতির মালিকানা বদলের কোনো নিয়ম নেই। কিন্তু সে আইন লঙ্ঘন করে চ্যানেল ওয়ান তাদের সম্প্রচার যন্ত্রপাতি প্রাইম ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেয়। পরবর্তী সময়ে তারা ঋণ শোধ না করায় ব্যাংক বন্ধক রাখা যন্ত্রপাতি নিলামে বিক্রি করে দেয়। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন চ্যানেলটি প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালের ২৪ জানুয়ারি চ্যানেল ওয়ান আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে। ২০০৫ সালে প্রাইম ব্যাংকের কাছে সম্প্রচারের যন্ত্রপাতি (এসএনজি/ফ্লাইওয়ে) বন্ধক দিয়ে ২৩ কোটি ৯০ লাখ টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু ঋণ শোধ করতে না পারায় ২০০৮ সালের নভেম্বর নাগাদ প্রাইম ব্যাংক ওইসব যন্ত্রপাতি নিলামে তোলে। নিলামে যন্ত্রপাতিগুলো কিনে নেয় ‘পিপলস এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান। এই নিলামের বিরুদ্ধে ওই বছরের ডিসেম্বরে ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড মামলা করলে উচ্চ আদালত নিলাম বৈধ ঘোষণা করেন। এ পর্যন্ত চ্যানেল ওয়ান প্রাইম ব্যাংকের দেনা হিসেবে মাত্র দুই কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বলে জানা গেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়াউদ্দীন আহমেদ বলেন, এটি সরকারের ন্যায়সংগত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত হঠাত্ করে নেওয়া হয়নি। প্রতিষ্ঠানটিকে বারবার এ বিষয়ে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। প্রায় সাত-আটবার ‘এ অবস্থায় সরকার তাদের-লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। এখন চ্যানেলটি বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। হঠাত্ বন্ধ করে দেওয়ায় চ্যানেলটিতে কর্মরতদের কী হবে—জানতে চাইলে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘জোট আমলে একুশে টিভি বন্ধ করে দেওয়ার পর সেখানকার সাংবাদিকেরাও ভালো ভালো জায়গায় কাজ করতে পেরেছেন। এখন অবস্থা আগের থেকেও ভালো। আরও ১০টি চ্যানেল আসছে। সেখানে এঁদেরই অগ্রাধিকার থাকবে।’ তিনি বলেন, ‘অন্যায়কারী যেই হোক, সরকার কখনোই তাঁকে প্রশ্রয় দেবে না।’ বন্ধ হওয়ার আগ মুহূর্তে বিকেল পৌনে ছয়টায় সংবাদ সম্মেলন করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। পরিচালক মাজিদুল ইসলাম বলেন, প্রাইম ব্যাংক যন্ত্রপাতি নিলামে তুললেও ক্রেতার কাছ থেকে পুরো টাকা না পাওয়ায় তারা এখনো যন্ত্রপাতি হস্তান্তর করেনি। বিষয়টি বিটিআরসিকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় গত ১৪ এপ্রিল। তার পরও তারা এ সিদ্ধান্ত নিয়েছে।সংবাদ সম্মেলনে চ্যানেলটির বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ বিপ্লব বলেন, ‘কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে এভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কর্মরত ৪০০ কর্মচারীর সংসার কীভাবে চলবে? আকস্মিক এ খবরে আমরা আতঙ্কিত, উদ্বিগ্ন।’ একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।