চ্যানেল নাইনে বিপিএল
দর্শকদের পুরো মাত্রার বিনোদন দেওয়ার উদ্দেশ্য নিয়ে আসছে বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’। এ মাসের শেষ সপ্তাহে চ্যানেল নাইন আনুষ্ঠানিকভাবে নিয়মিত সম্প্রচার শুরু করবে। তবে কবে থেকে এই সম্প্রচার কার্যক্রম শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। গোড়াতেই দর্শকদের আকর্ষণ করার জন্য চ্যানেল নাইন কর্তৃপক্ষ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। এই সম্প্রচারের আওতায় থাকছে ৮ ফেব্রুয়ারি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানসহ লিগের সব কটি খেলা।এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, প্রোগ্রাম কনসালট্যান্ট বিবেক তিওয়ারি ও অনুষ্ঠান বিভাগের প্রধান খোরশেদ আলম। এখানে জানানো হয়, চ্যানেল নাইনে আলাদা করে কোনো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না। চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। থাকছে না সংবাদের জন্য আলাদা কোনো সময় বরাদ্দ। তবে সমসাময়িক বিষয় ও খেলাধুলা নিয়ে নিয়মিত অনুষ্ঠান থাকবে। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য, বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে থাকছে আলাদা অনুষ্ঠান। থাকছে ধারাবাহিক ও একক নাটক, চলচ্চিত্র, টেলিছবি, রিয়েলিটি শো, নৃত্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, রান্না ও স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান, দেশ-বিদেশের গান ও ব্যবসা-বাণিজ্য নিয়ে অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চ্যানেল নাইনে ভিডিও ওয়াল, স্মোক, টেলিপট ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।