চ্যানেলে চ্যানেলে একুশের আয়োজন
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বিটিভিসহ সব কটি টিভি চ্যানেল আজ প্রচার করবে দিনব্যাপী নানা অনুষ্ঠান। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিটিভি সরাসরি দেখাবে সকাল ছয়টা থেকে। আরও কয়েকটি টিভি চ্যানেল তা সরাসরি দেখাবে। জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া ছবিটি আজ দেখাবে চ্যানেল আই, একুশে ও মাছরাঙা টিভি। বিভিন্ন চ্যানেলের আজকের অনুষ্ঠানসূচি থেকে বাছাই কিছু অনুষ্ঠান তুলে ধরা হলো এখানে। বিটিভিপাঁচটি দেশের পাঁচটি ভাষার গান নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে রাতে। আজকের নাটক আপন মুখের ছবি।এটিএন বাংলাবাংলা ভাষার ব্যবহার নিয়ে নাটক লিখেছেন মেজবাহ উদ্দিন। নাম কপিরাইটার। পরিচালনা করেছেন মিজানুর রহমান। অভিনয় করেছেন মিলন, শশী, গাজী রাকায়েত, আহসান কবির প্রমুখ। ‘আপন পর’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ১৩টি দেশের প্রতিনিধি। উপস্থাপনা ও পরিচালনা করেছেন জ ই মামুন। চ্যানেল আইক্ষমা নাটকটির গল্প যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যাকুল এক যুবককে নিয়ে। লিখেছেন ফেরদৌস হাসান; পরিচালনা করেছেন সবুর খান। অভিনয় করেছেন অপূর্ব, মোনালিসা, সাবেরী আলম, আবুল হায়াত প্রমুখ।একুশে টিভিএকজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হবে। চলছে নানা আয়োজন। কিন্তু অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ঘিরে শুরু হয় অন্য নাটক। নাটকটির নাম উত্তরীয়। লিখেছেন ফজলুল হক; পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, মাসুম আজিজসহ আরও অনেকে।এনটিভিছয় দশকে ভাষা আন্দোলন অনুষ্ঠানে অংশ নিয়েছেন আহমদ রফিক, সুবীর নন্দী, শাহীন সামাদ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ‘একুশের গান’ অনুষ্ঠানে গান গেয়েছেন পার্থিব, নেমেসিস, পাওয়ার সার্চও নির্ঝর। হাসান আজিজুল হকের গল্প থেকে অচিন পাখির চিত্রনাট্য করেছেন শিবু কুমার শীল, পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আশীষ খন্দকার ও ঋদ্ধ।দেশ টিভিপাঠশালা নাটকটি লিখেছেন সারওয়ার রেজা, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন জামাল উদ্দিন আহমেদ, অর্চিতা ও সজল। দুপুরে ‘শোকের শব্দমালা বসন্ত বাতাসে’ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করবেন বিশিষ্ট কয়েকজন কবি। রাতে থাকছে একুশের গানের ইংরেজি ভার্সনের অনুষ্ঠান ‘একুশের গান’। বিকেলে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে তুলে ধরা হবে দেশের গান। অনুষ্ঠানের নাম ‘প্রতিবাদের সুর প্রতিরোধের সুর’।বাংলাভিশন‘একুশের মিনার’ অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সেই দিনগুলোর কথা স্মরণ করবেন আহমদ রফিক, রফিকুল ইসলাম, মুর্তজা বশীর। ভাষাশহীদদের কথন নিয়ে ‘অমরত্বের শিরোমণি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মিলন, আরমান পারভেজ, আহসান হাবিব, মাজনুন মিজান ও রওনক হাসান।বৈশাখী টেলিভিশনদুপুরে আলতাফমাহমুদের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে। এর পর থাকবে মঞ্চনাটক কবর। রাতে থাকছে টেলিছবি ভাষা ও ভালোবাসা। অভিনয় করেছেন আরেফিন শুভসহ আরও অনেকে। মাছরাঙা টেলিভিশন‘ভুলিনি আমরা’ অনুষ্ঠানে গান গেয়েছেন মৌটুসী, দিনাত জাহান, আতিক হাসান, তানভীর আলম সজীব, অনামিকা মুক্তি। সত্যি ঘটনা অবলম্বনে ফুলের রং লাল নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন আরমান পারভেজ, বিজরী বরকতউল্লাহ, মাজনুন মিজান প্রমুখ। সন্ধ্যায় নড়াইল থেকে সরাসরি দেখানো হবে ‘একুশের দীপ জ্বেলে’। চ্যানেল নাইনরমনা বটমূলে আয়োজন করা হয়েছে ‘একুশের চতুর্দশ সাংস্কৃতিক সম্মিলন ও ভাষাসৈনিক সম্মাননা’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। রাতে থাকছে নাটক মানুষের ছায়া অবলম্বনে।