চ্যালেঞ্জকে ভয় পাওয়া যাবে না
ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এলিফ্যান্ট রোড শাখা, ব্যাংক এশিয়ানারায়ণগঞ্জ থেকে এলিফ্যান্ট রোড। প্রতিদিনের যানজট ঠেলে আসতে হয় তাঁকে। তবুও তাঁর দেরি হয় না অফিসে পৌঁছাতে। নির্ধারিত সময়েই হাজির হন। নিয়ম ও সময়ের সঙ্গে চলে তিনি আজ সফল। ১১ নভেম্বর ব্যাংক এশিয়ার এলিফ্যান্ট রোড শাখায় হাজির হলাম। কথা হলো এই শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক নাফিসা হাবীবের সঙ্গে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ-এমবিএ শেষ করে কর্মজীবন শুরু করেছেন ব্যাংকার হিসেবে। ২০১০ সালে যোগ দেন ব্যাংক এশিয়ায়। এর আগে আরও দুটি বেসরকারি ব্যাংকে কাজ করেছেন। কর্মজীবন শুরু হয়েছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কর্মাস ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে। এখন ঢাকার এলিফ্যান্ট রোড শাখার ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনার দায়িত্ব তাঁর। নারী ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকে পছন্দ করেন না, আপনার ক্ষেত্রে এমনটি কখনো হয়েছে? উত্তরে তিনি হেসে বলেন, ‘আমি শুনেছি। কিন্তু কখনো এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তবে কখনো যদি মনে হয় কোনো সহকর্মী আমাকে পছন্দ করছেন না, তখন তাঁর কাছের মানুষ হওয়ার চেষ্টা করি।’ব্যাংক অর্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ফলে এখানে হিসাব-নিকাশের সামান্য ভুলে বড় ধরনের বিপদ হতে পারে। সে জন্য সম্ভব হলে প্রতিদিন লেনদেনের পর সহকর্মীদের নিয়ে মিটিং করেন নাফিসা। যেকোনো বিষয়ে সহকর্মীদের সাহায্য নেন। আরও কীভাবে এগিয়ে যাওয়া যায়, সেসব নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা করেন। আর নিজের ঘরে বসে ক্লোজড সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ করেন সহকর্মীদের কাজ। কোনো গ্রাহক অযথা অপেক্ষা করছেন কি না, গ্রাহক তাঁর সঠিক সেবা পাচ্ছেন কি না—সেসবেরও খেয়াল রাখেন। আর গুরুতর কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ নিয়ে থাকেন। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখেন না কখনোই। যত দেরিই হোক, দিনের কাজ দিনে শেষ করেন। তা ই-মেইল চেক করা, উত্তর দেওয়া হোক কিংবা ফাইলপত্র দেখাই হোক। প্রতি সপ্তাহে এক দিন সব সহকর্মীর সঙ্গে মিটিংয়ে বসেন। সেখানে নতুন আইডিয়া শেয়ার, নতুন-পুরোনো গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, লেনদেনের ফলোআপসহ নানা বিষয় আলোচনা করেন।নাফিসা মনে করেন, নারীরা স্বভাবসুলভ অনেক স্বচ্ছ, সৎ ও দায়িত্বশীল। এর সঙ্গে শুধু চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা যোগ করতে হবে। চ্যালেঞ্জ নিতে জানলে কোনো কাজেই ভয় লাগবে না। তখন সাফল্য আসবেই। কাজ ছোট-বড় যা-ই হোক না কেন, তা উপভোগ করতে হবে। ব্যাংকের শাখা ব্যবস্থাপনার দায়িত্বকে কখনোই চাপ মনে করেননি নাফিসা হাবীব। কেননা, সব সময় পরিকল্পনা অনুযায়ী নিয়মের মধ্যে কাজ করেন তিনি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, সে জন্য স্পর্শকাতর বিভাগগুলোর কাজের দিকে বেশি সতর্ক থাকেন।এই বড় দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের পরিবারকেও পর্যাপ্ত সময় দেন। একমাত্র মেয়ে নোশিন নাওয়ালকে দেখভালসহ পুরো পরিবারের দায়িত্ব অবশ্য স্বামী-স্ত্রী ভাগাভাগি করে নেন। ব্যাংক কর্মকর্তা স্বামী নাফিসাকে সব সময় পুরোদস্তুর সমর্থন ও সহযোগিতা করেন। নাফিসা যখন নারায়ণগঞ্জে কোনো দোকানে কেনাকাটা করতে যান সবাই তাঁকে ম্যানেজার আপা বলে সম্বোধন করেন। অনেক সম্মান করেন। এটাই তাঁর কাছে বড় পাওয়া মনে হয়।