চ্যালেঞ্জে জিতেছেন শাকিব খান
ছবির নাম আমার চ্যালেঞ্জ। আসলে এই চ্যালেঞ্জ ছিল শাকিব খানের নিজের জন্য। তাঁর ক্যারিয়ার যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন আমার চ্যালেঞ্জ ছবিটি অভাবনীয় সাফল্য পেয়েছে। বদিউল আলম পরিচালিত আমার চ্যালেঞ্জ ছবিটি মুক্তি পায় ২ মার্চ। রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে গত শুক্রবার থেকে ছবিটি দেখার জন্য দর্শকদের বেশ ভিড় দেখা গেছে।চট্টগ্রামের বনানী সিনেমা হলের বুকিং এজেন্ট আনু মোহাম্মদ বলেন, ‘এই ছবি যদি এমন আহামরি ফল না দিতে পারত, তাহলে জুন মাসের পর প্রেক্ষাগৃহে আর কোনো ছবি চালাতে পারতাম না।’চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আমার চ্যালেঞ্জ ছবিটি এমন সময় সাফল্য পেল, যখন ঢাকার চলচ্চিত্রশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। গত ঈদের পর একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি। ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় গত তিন মাসে ২৫টি প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এদিকে ছবির ব্যবসায়িক সাফল্যের খবর শুনে খুশি শাকিব খান; বললেন, ‘আমরা সবাই কঠিন একটি সময় পার করছি। গত দুই দিন কয়েকটি প্রেক্ষাগৃহের সামনে আমি গিয়েছি। সেখানে আমার চ্যালেঞ্জ ছবিটি দেখার জন্য মানুষের ভিড় দেখে আমি অভিভূত। আমি মনে করি, ছবির মতো ছবি তৈরি করতে পারলে দর্শক তা দেখবেই।’বদিউল আলম এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন প্রিয়া আমার প্রিয়া ও নাম্বার ওয়ান শাকিব খান ছবি। এই দুটি ছবিও রেকর্ড পরিমাণ ব্যবসা করে।