চ্যালেঞ্জের মুখে ওবামার অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাব
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার একটি নতুন অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করেছেন। তবে তাঁর এই প্রস্তাব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গতকাল হোয়াইট হাউসে বহুল আলোচিত অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করেন ওবামা। প্রস্তাবে সামরিক হামলায় ব্যবহূত ও উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতার অতীত ইতিহাস নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করার সময় ওবামা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমানো এক কঠিন চ্যালেঞ্জ। ক্ষতি থেকে আমাদের শিশুদের রক্ষার ব্যাপারে কোনো ধরনের বিভেদ ঠিক হবে না।’গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে। এতে ওই স্কুলের ২০ ছাত্রসহ ২৭ জন নিহত হন। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন পাসের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ওবামার এই অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাব প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হবে। অস্ত্র ব্যবহারকারী বিপুলসংখ্যক ভোটারের কথা চিন্তা করে ডেমোক্র্যাট দলের সদস্যরাও এই প্রস্তাব সমর্থনের ব্যাপারে দ্বিধান্বিত। তা ছাড়া মার্কিন অস্ত্র বিক্রেতা গোষ্ঠীগুলো বেশ শক্তিশালী। তারা প্রায় দুই দশক ধরে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন প্রণয়নের পদক্ষেপ ঠেকিয়ে রেখেছে। এবারও তারা ওবামার অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তাব ঠেকাতে অস্ত্র বিক্রেতা গোষ্ঠীগুলো প্রতিনিধি পরিষদের ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সদস্যরা বলেন, অস্ত্র কিনতে ইচ্ছুক ব্যক্তির অতীত ইতিহাস খতিয়ে দেখা বাধ্যতামূলক করার প্রস্তাবটি এ আইনের সবচেয়ে ভালো দিক। প্রস্তাবিত আইনের এ ধারাটি প্রতিনিধি পরিষদের বিভক্তির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।