ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত মানুষের দেহের অংশ
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনের আটতলা ভবনের পুরোটাই গত শনিবারের অগ্নিকাণ্ডে সাদা রং থেকে খানিকটা কালো হয়ে গেছে। আর ভেতরের অংশটা একেবারেই কালো হয়ে গেছে। নিশ্চিন্তপুরের এই পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় দুদিন গড়িয়ে গেছে। কিন্তু এখনো জমে থাকা ছাই-ভস্ম থেকে বের হচ্ছে ধোঁয়া। আর ছড়িয়ে ছিটিয়ে আছে হতভাগ্য সেই প্রাণ হারানো মানুষের দেহের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।এর মধ্যেই অনেকে খুঁজে বেড়াচ্ছেন আপনজনকে। আজ সোমবার সকাল আটটার দিকে তাজরীন ফ্যাশনের প্রধান ফটকে প্রিয়জনের সন্ধানে আসা লোকজনের সংখ্যা কম ছিল। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গতকাল রোববারের মতো মানুষের ঢল নামে নিশ্চিন্তপুরে। সহিংসতা এড়াতে আজ পুরো আশুলিয়ায় সব পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবুও নিশ্চিন্তপুরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে মিছিল করে। যারা স্বজন হারিয়েছেন তাঁরা প্রতিষ্ঠানটির আট তলা ভবন তন্ন তন্ন করে খুঁজেছেন। তাজরীন ফ্যাশনের পুরো ভবনের চারপাশ ঘিরে রেখেছে শিল্প পুলিশ। পুলিশের উপপরিদর্শক আন্তাজ আলী প্রথম আলো ডটকমকে জানান, কারখানার মূল্যবান সম্পদ রক্ষার জন্য আমরা পাহারা দিচ্ছি। এ জন্য সবাইকে এক সঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।