ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়ারা জেলার কিরণডুলি থানার সুমিয়াপাল বনে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাওবাদীদের সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফের সংঘর্ষে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।এ হামলায় সিআরপিএফের ১২ সদস্যের মৃত্যুর খবর বেসরকারিভাবে জানা গেছে। এ ছাড়া ইতিমধ্যে ছয়জন পুলিশ এবং একজন মাওবাদীর মৃতদেহ উদ্ধারের খবর বেসরকারিভাবে পাওয়া গেছে। তবে সরকারি সূত্র একজন পুলিশ ও একজন মাওবাদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।পুলিশের আইজি রাজেশ মিশ্র সাংবাদিকদের জানান, আজ সকাল ৮টার দিকে সিআরপিএফের ৮০ জন জওয়ান প্রতিদিনের মতো ওই বনভূমিতে টহল সেরে ক্যাম্পে ফিরছিলেন। এমন সময় গভীর জঙ্গলে ওঁত পেতে থাকা মাওবাদী বিদ্রোহীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।এদিকে মাওবাদীদের হামলার খবর পেয়ে আরও ৩০০ সিআরপিএফ জওয়ানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সিআরপিএফ জওয়ানরা ইতিমধ্যে নিখোঁজ ৩০ পুলিশকে উদ্ধার করেছেন। কিন্তু এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৫০ জন কেন্দ্রীয় পুলিশ। প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।গুমিয়াপাল বনভূমি ছত্তিশগড় ও অন্ধ্র প্রদেশের সীমান্তে অবস্থিত। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে এই বনভূমি ৪২০ কিলোমিটার এবং দান্তেওয়ারা জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।