ছত্তিশগড় ও বিহারে যৌথ বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত
ভারতে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় এবং বিহার রাজ্যে গতকাল সোমবার যৌথ বাহিনীর গুলিতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ছত্তিশগড়ে ৩০ এবং বিহারে ছয়জন নিহত হয়। এ ছাড়া পুলিশসহ চার নিরাপত্তা কর্মীও নিহত হয়েছে। আহত হয়েছে ৯ নিরাপত্তা কর্মী। বিহারের আটজন মাওবাদী ধরা পড়েছে। দুই রাজ্যে মাওবাদী ডেরা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (নকশাল দমন) রামবিলাস বলেছেন, গোপনসূত্রে খবর পাওয়ার পর যৌথ বাহিনীর ১৪৫ জনের একটি দল দান্তেওয়াড়া জেলার চিন্তলনা জঙ্গলে অভিযান চালায়। এ সময় মাওবাদীদের সঙ্গে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে অন্তত ৩০ জন মাওবাদী নিহত হয় বলে তিনি দাবি করেন। তিনি জানান, লড়াইয়ের সময় এক পুলিশ কর্মী ও যৌথ বাহিনীর তিনজন জওয়ান নিহত হয় এবং নয়জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারে পুলিশের মহাপরিচালক নীলমণি জানান, রাজ্যের পূর্ব চম্পারণ জেলার ধর্মাহা গ্রামেন যৌথ বাহিনীর গুলিবিনিময়ে ছয় মাওবাদী নিহত হয়েছে। ধরা পড়েছে আট সশস্ত্র মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যৌথ বাহিনীর এ অভিযান চালায়।