ছত্তিশগড়ে মাওবাদীদের হামলা, ৭৮ নিরাপত্তা রক্ষী নিহত
মাওবাদীদের হামলায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কমপক্ষে ৭৮ জন সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়া জেলার চিন্তালনার এলাকার কাছে মুকরানা জঙ্গলে এ হামলা চালানো হয়। এ ঘটনার পর জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে মিলিত হয়।কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ হামলা পরিচালিত হয়। গভীর জঙ্গলে টহল শেষে তখন ক্যাম্পে ফিরছিল সিআরপিএফের ১২০ জনের একটি দল। এ সময় ওত পেতে থাকা মাওবাদীরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। পরিকল্পিত এ হামলায় প্রথমেই সিআরপিএফের সদস্যদের বহনকারী একটি যান ভূমিতে পেতে রাখা মাইনের আঘাতে উড়ে যায়। এরপর সিআরপিএফের সদস্যদের ওপর শুরু হয় গুলি। হামলায় এক হাজারের বেশি মাওবাদী অংশ নেয়। গতকাল বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গলের ছয়টি স্থানে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল। সাম্প্রতিক সময়ে মাওবাদীদের এটি অন্যতম বড় হামলা।তিন দিন ধরে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে ওই জঙ্গলে সরকারি অভিযান চলছিল। এরই অংশ হিসেবে সেখানে টহল দিয়ে ফিরছিলেন আধা সামরিক বাহিনীর সদস্যরা।রাজ্যের পুলিশ বাহিনীর মহাপরিচালক বিশ্ব রঞ্জন বলেন, হেলিকপ্টারে হতাহত ব্যক্তিদের সরিয়ে আনা হয়েছে। আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লড়াইয়ের স্থানে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফের সদস্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন।এ ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘প্রাণহানির সংখ্যা অনেক বেশি, আমি স্তম্ভিত। পরিস্থিতি সামলাতে রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।’ এর দুই দিন আগে ওডিশা রাজ্যের কোরাপুত জেলায় মাওবাদীদের পেতে রাখা ভূমি মাইনের বিস্ফোরণে নিহত হন স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) ১১ জন সদস্য। ওডিশার মালকানগিড়ি জেলার কাছে একটি অভিযান থেকে ফেরার পথে তাঁরা ওই হামলার শিকার হন।