ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৭৩ পুলিশ নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়া জেলায় আজ মঙ্গলবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিসি) ওপর মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশের ৭৩ জন সদস্য নিহত হয়েছেন। মাওবাদীদের এ হামলাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ।রয়টার্স জানায়, সকাল ছয়টার দিকে নকশালপন্থী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার মুকরানা জঙ্গলে পুলিশের একটি টহলদল দায়িত্ব পালন শুরু করার সময় এই হামলা চালানো হয়। একটি ছোট পাহাড়ের ওপর থেকে নকশালপন্থীরা হঠাত্ এই আক্রমণ চালায়।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘মারাত্মক কোনো ভুল হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশেরা সদস্যরা সম্ভবত মাওবাদীদের কোনো ক্যাম্প অথবা ফাঁদে ঢুকে পড়েছিলেন।’বাস্তার পুলিশের মহাপরিদর্শক টি জে লংকুমার বলেন, ‘এটিকে একটি সুপরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। কারণ, গেরিলারা প্রথমে বিস্ফোরক ব্যবহার করে সিআরপিসির বাংকার উড়িয়ে দেয় এবং পরে পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।’পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অমরেশ মিশ্র এ হামলায় ৭৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া ২৪ জন লোক এ ঘটনায় আহত হয়েছে বলে তিনি জানান।প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদীদের হামলাকে অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি সবচেয়ে বড় হুমকি বলে বর্ণনা করেছেন।বিদ্রোহীদের দমনে সরকারের ব্যর্থতায় বর্তমান কংগ্রেস পরিচালিত সরকারকে বিরোধীদের সমালোচনার মুখে ফেলেছে। আগামী দুই বছরে কয়েকটি প্রদেশের নির্বাচন অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বর্তমান সরকারের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হবে।খনিজসমৃদ্ধ বাস্তার অঞ্চলের আয়তন ৪০ হাজার বর্গ কিলোমিটার। বিজাপুর, কংকার, নারায়ণপুর, বাস্তার ও দান্তেওয়াড়া—এই পাঁচ জেলা নিয়ে বাস্তার অঞ্চল গঠিত।