জবানবন্দিতে মুক্তিযোদ্ধা জহুরুল হক
ছদ্মবেশে আলবদর ক্যাম্পে গিয়ে কামারুজ্জামানকে দেখেছেন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. জহুরুল হক মুন্সী বীর প্রতীক গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, তিনি একাত্তরে ছদ্মবেশে সুরেন্দ্র সাহার বাড়িতে (শেরপুর শহরে) স্থাপিত আলবদর ক্যাম্পে গিয়ে কামারুজ্জামানকে দেখেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জহুরুল হক এই জবানবন্দি দেন। আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম এ জবানবন্দি নেন।জবানবন্দিতে জহুরুল হক বলেন, একাত্তরে তিনি নারায়ণগঞ্জ ইপিআইডিসিতে (ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন) চাকরি করতেন। ২৫ মার্চের পর ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে শেরপুরে ফেরেন। কামারুজ্জামান সে সময় বৃহত্তর ময়মনসিংহ ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা এবং ওই এলাকায় আলবদর ও আলশামস বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি অক্টোবরে ভিক্ষুক বেশে শেরপুর শহরে কোথায় কী হচ্ছে, তা জানার চেষ্টা করেন। একপর্যায়ে জানতে পারেন, সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে কামারুজ্জামান পাকিস্তানি সেনাদের ক্যাম্প তৈরি করছেন। তিনি ওই ক্যাম্পের আশপাশে চার দিন ভিক্ষা করেন এবং খবর সংগ্রহের চেষ্টা করেন। একদিন তিনি ওই ক্যাম্পের ফটকের সামনে গিয়ে মোহন মুন্সী নামের এক আলবদরকে লাঠি হাতে দাঁড়ানো দেখেন। তিনি তাঁকে সালাম দিয়ে ভেতরে ঢোকেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ক্যাম্পে ঢুকে দেখেন, কামারুজ্জামান ও মেজর আইয়ুব দোতলায় উঠছেন। মোহন মুন্সী ও অপর এক আলবদর সদস্যের কাছে মেজর আইয়ুব তাঁর পরিচয় জানতে চান। মোহন মুন্সী বলেন, ভিক্ষুক। এরপর তাঁকে ঘাড় ধরে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, শেরপুর কলেজ বন্ধ এবং ছাত্র না থাকায় কামারুজ্জামান ও পাকিস্তানি সেনারা কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে কোমরে দড়ি বেঁধে সারা শহরে ঘুরিয়েছে। জহুরুল হক বলেন, ৯ ডিসেম্বর তিনি ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লের লেখা চিঠি নিয়ে জামালপুরের পিটিআইর সামনে গেলে পাকিস্তানি সেনারা তাঁকে তল্লাশি করে ওই চিঠি ও ২০ টাকা পায়। তাঁর চোখ ও হাত-মুখ বাঁধা হয়। বেলা একটার দিকে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল সুলতান খান ও আলবদর কমান্ডার কামারুজ্জামান সেখানে আসেন। সুলতান ওই চিঠি পড়ে রেগে হাতে থাকা পিস্তল দিয়ে তাঁর মুখে আঘাত করলে তাঁর চার-পাঁচটি দাঁত ভেঙে যায়। বেয়নেট দিয়ে তাঁর পায়ে খোঁচানো হয় এবং হাতে সুঁই ঢুকিয়ে দেওয়া হয়। পরে উল্টো করে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে তিনি বলেন, তিনি কৃষক। মুক্তিযোদ্ধারা তাঁকে জোর করে এখানে পাঠিয়েছেন। এ সময় সুলতান সেই চিঠির জবাব লিখে তা হরদেব সিং ক্লের কাছে পৌঁছে দিতে বলেন। পরে তিনি আহত অবস্থায় সেখান থেকে চলে আসেন।জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী বলেন, তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চান।জবানবন্দি শেষে জহুরুল হককে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী। স্বাধীনতার পর কামারুজ্জামানের বিচার চেয়ে থানায় বা আদালতে অভিযোগ করেছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ দায়ের করার মতো পরিস্থিতি না থাকায় তিনি অভিযোগ দায়ের করেননি।জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।পরাগ ধরকে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়ার অনুমতি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী পরাগ ধরকে ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে আবার সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য পরে আসেন) ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেন।ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে পরাগ ধরের সাক্ষ্য গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, গত ২৬ জুলাই পরাগ ধর সাক্ষ্য দেন। সেদিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ায় আবার তাঁর সাক্ষ্য নেওয়া দরকার। তবে এবার ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাঁর সাক্ষ্য নিতে হবে। শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ৭ আগস্ট ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে পরাগ ধর আবার সাক্ষ্য দেবেন। ওই দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের নির্দিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না। সাক্ষ্যের বিষয়বস্তু নিয়ে তাঁরা গণমাধ্যমের কাছে বক্তব্যও দিতে পারবেন না।২৬ জুলাই দেওয়া জবানবন্দিতে পরাগ ধর একবারও সাকা চৌধুরীর নাম উল্লেখ করেননি। এ জন্য আধা ঘণ্টার মধ্যে তাঁর সাক্ষ্য শেষ হয়ে যায়।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে ৪১তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। হেলালউদ্দিনকে আজ আবার জেরা করা হবে।